• ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক
    আজকাল | ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। তড়িঘড়ি বিমান থেকে নামানো হল যাত্রীদের। চলল তল্লাশি। 

    জানা গিয়েছে, শনিবার সকাল ৯.‌১৫ মিনিট নাগাদ ইন্ডিগোর বিমানটির কলকাতা থেকে শিলং উড়ে যাওয়ার কথা ছিল। উড়ানের আগেই ইন্ডিগোর ওই বিমানের ল্যাভরেটরি অর্থাৎ শৌচাগার থেকে একটি চিরকুট উদ্ধার হয়। বিমানকর্মীরাই ওই চিরকূট উদ্ধার করেন। ওই চিরকুট খুলতেই দেখা যায়, লেখা রয়েছে যে বিমানে বোমা রাখা আছে। এরপরই তুমুল আতঙ্ক ছড়ায়। বিমানের ক্রু সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেয়। একে একে যাত্রীদের বিমান থেকে নামানো হয়। এরপর আইসোলেশন বে–তে নিয়ে বিমানে তল্লাশি শুরু করা হয়। 

    কীভাবে, কোথা থেকে এই হুমকি এল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় শনিবার সাতসকালে কলকাতা বিমানবন্দরে হইচই পড়ে যায়। বিমানে বোমা রাখার খবর ছড়িয়ে পড়তেই কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য ‌ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। জানা গিয়েছে, দমদম বিমানবন্দরের নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। তল্লাশি চলায় নির্ধারিত সময়ে শিলংয়ের উদ্দেশে পাড়ি দিতে পারেনি ওই বিমানটি।

    প্রসঙ্গত, সাম্প্রতিককালে বেশ ঘনঘন দেশজুড়ে বিভিন্ন বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছে। কখনও বিদেশি বিমান, কখনও দেশের অভ্যন্তরের বিমানে বোমা রাখা রয়েছে বলে হুমকি মিলেছে। কে বা কারা সেই হুমকি দিয়েছে, তা এখনও তদন্তসাপেক্ষ। তারই মাঝে ফের নতুন করে শিলংগামী ইন্ডিগোর বিমানে হুমকি–চিরকুট ঘিরে আতঙ্ক যে একধাক্কায় কয়েক গুণ বেড়ে গিয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। সিআইএসএফের বম্ব স্কোয়াড–সহ দমকল আধিকারিকরা বিমানে তল্লাশি অভিযান চালাচ্ছেন বলে জানা গেছে। 

    এদিকে, কীভাবে গন্তব্যে পৌঁছবেন, তা নিয়ে চিন্তিত যাত্রীরা। কারণ, এখনও কোনও বিকল্প বিমানের ঘোষণা করেনি কর্তৃপক্ষ। শেষ খবরে জানা গেছে, সাড়ে ১১টা নাগাদ বিমানটি গন্তব্যের উদ্দেশে রওনা দিতে পারে।

     
  • Link to this news (আজকাল)