• শীতের রেশ কাটতেই তৈরি হচ্ছে নিম্নচাপ, আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া?
    আজ তক | ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  • বাংলা থেকে শীতের বিদায় কার্যত নিশ্চিত। সকাল ৬টাতেও তেমন ঠান্ডা অনুভূত হচ্ছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ উভয় অঞ্চলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এই সময় আবহাওয়া থাকবে শুষ্ক ও স্বস্তিদায়ক। তবে ধীরে ধীরে গঠিত হচ্ছে একটি নিম্নচাপ।

    তাপমাত্রা কেমন রয়েছে?

    কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আশেপাশের জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩-১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।  সকালে হালকা কুয়াশার সঙ্গে সামান্য শীতের আমেজ টের পাওয়া গেলেও, সকাল ৮-৯টার মধ্যেই গায়েব হবে ঠান্ডা।

    গতকাল তাপমাত্রা কেমন ছিল?

    গতকাল দক্ষিণবঙ্গের কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতল এলাকায় (মাঝিয়ান)-এ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৮  ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ি দার্জিলিং এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় গতকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।

    কুয়াশার সতর্কতা: উত্তরবঙ্গের কয়েকটি জেলার জন্য আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকতে পারে।

    গঠিত হচ্ছে নিম্নচাপ:

    পূর্ব বিশবীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর ৫.৮ কিমি উচ্চতা পর্যন্ত বিসতৃত ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি আজ সকাল পর্যন্ত একই অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে ১৫ ফেব্রুয়ারির মধ্যে এই অঞ্চলে একটি নিম্নচাপ গঠন  হতে পারে।

    হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা একই রকম থাকতে পারে অথবা সামান্য বাড়তে পারে। উত্তরবঙ্গে কুয়াশা কমবে, দিনের তাপমাত্রা বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝা (ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স) হিমালয় অঞ্চলে প্রভাব ফেলছে, কিন্তু বাংলায় তার প্রভাব নেই। কোনো চরম আবহাওয়া বা সতর্কতা জারি নেই।


     
  • Link to this news (আজ তক)