• মুম্বইয়ে ভেঙে পড়ল মেট্রোর পিলারের একাংশ, গুরুতর জখম ৫ জন
    এই সময় | ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  • মুম্বইয়ে ভয়াবহ দুর্ঘটনা। শনিবার সকালে মুলুন্দে ভেঙে পড়ল মেট্রোর নির্মীয়মাণ পিলারের একাংশ। শ্রমিকরা কাজ করছিলেন। সেই সময়ে মেট্রোর পিলারের একটা বড় কংক্রিটের চাঁই এসে পড়ে অটো রিকশার উপরে। দুমড়ে-মুচড়ে যায় অটোটি। দুর্ঘটনায় ৪ থেকে ৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    মেট্রোর জন্য ফ্লাইওভার তৈরি হচ্ছে। মুলুন্দ এলাকায় জোরকদমে চলছে কাজ। এ দিন বেলা সাড়ে ১২টা নাগাদ এলবিএস রোডের কাছে ফ্লাইওভারের কাছে কাজ করছিলেন শ্রমিকরা। নীচে দিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে বাস, ট্রাক, অটো রিকশা। আচমকাই পিলারের উপর থেকে কংক্রিটের একটা চাঁই ভেঙে পড়ে নীচে।

    রাস্তায় তখন একটি গাড়ি আর অটো রিকশা পাশাপাশি যাচ্ছিল। কংক্রিটের চাঁই সোজা গিয়ে অটোর উপরে পড়ে। মুহূর্তের মধ্যে রাস্তার সঙ্গে মিশে যায় অটোটি। হইচই পড়ে যায় এলাকায়। চোখের সামনে এমন দুর্ঘটনা দেখে ছুটে আসেন পথচারী এবং স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান।

    দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং দমকল। ক্রেন দিয়ে কংক্রিটের চাঁই সরিয়ে আহতদের উদ্ধার করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই পুলিশ সূত্রে খবর। পুরো এলাকা ঘিরে ফেলেছে প্রশাসন। তবে কী ভাবে কংক্রিটের চাঁই ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)