এ বার সরকারি হাসপাতালে চালু হলো বিকেলের OPD। বাঁকুড়ায় প্রথম কোনও সুপার স্পেশালিটি হাসপাতালে এই পরিষেবা চালু হলো। বাঁকুড়ার ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হলো বিকেলের আউটডোর পরিষেবা বা ‘Evening OPD’।
স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্তে সোম থেকে শনিবার, বেলা ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। বাঁকুড়া জেলায় এই প্রথম ছাতনাতেই বিকেলের OPD পরিষেবা শুরু হলো।
হাসপাতাল সুপার বুদ্ধদেব মুর্মু জানান, প্রাথমিক ভাবে শিশু বিভাগের আউটডোর পরিষেবা চালু হয়েছে। ধাপে ধাপে অন্যান্য বিভাগও চালুর পরিকল্পনা রয়েছে। তিনি জানান, এই উদ্যোগে বিশেষ ভাবে উপকৃত হবেন মাঠে কাজ করা শ্রমিক, দিনমজুর এবং যাঁরা সকালের দিকে বিভিন্ন জায়গায় কাজ করেন। ইতিমধ্যেই রোগীরা আসতে শুরু করেছেন। এই পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে আশা (ASHA) কর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ও পাড়ায় পাড়ায় প্রচার চালানো হবে বলেও জানান তিনি।
এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘সকালে অনেকেই কর্মস্থলে থাকেন, মাঠে যাঁরা কাজ করেন, তাঁরাও সকালের দিকে ব্যস্ত থাকেন। দুপুরের পরে ফাঁকা সময় পান। সেই সময়ে OPD চালু হওয়ায় সাধারণ মানুষ নিশ্চয়ই উপকৃত হবেন। স্বাস্থ্য দপ্তরের এটি দারুণ উদ্যোগ। তবে, সব বিভাগ চালু হলে আরও ভালো হয়।’
এর আগে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও ডেবরায়ও বিকেলের আউটডোর বা Evening OPD চালু হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলারই সুপার স্পেশালিটি হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল, মহকুমা ও জেলা হাসপাতালে এই পরিষেবা চালু হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। প্রথমে স্ত্রীরোগ-প্রসূতি ও শিশু বিভাগের আউটডোর চালুর পরিকল্পনা রয়েছে। তার পরে ধাপে ধাপে বাড়ানো হবে পরিষেবা।