• হাসপাতালে রহস্য! মৃত্যুর পরেই গায়েব মৃতদেহ
    আজকাল | ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মৃতদেহ উধাও হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভর্তি হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই এক রোগীর মৃত্যু এবং তারপর দিনের আলোয় হাসপাতাল চত্বর থেকেই মৃতদেহ বেমালুম উধাও হয়ে যাওয়ায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন।

    হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অজয় সিং নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিট নাগাদ হাসপাতালে ভর্তি করা হয়। নথিপত্র অনুযায়ী তাঁর বাবার নাম ভল্লা সিং এবং বাড়ি পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। হাসপাতালে ভর্তি হওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যেই সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয় বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

    অভিযোগ, মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই মৃতদেহ লিফটে করে নিচে নামানো হয়। এরপর কোনও রকম সরকারি নিয়ম বা প্রক্রিয়া সম্পূর্ণ না করেই মৃতদেহ হাসপাতাল চত্বর থেকে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মৃতের পরিবারের সদস্যরা কাউকে কিছু না জানিয়ে সিউড়ি সদর হাসপাতাল চত্বর থেকে মৃতদেহ নিয়ে চলে যান। তবে যাঁরা দেহ নিয়ে গিয়েছেন তাঁরা আদৌ মৃতের আত্মীয় কি না, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। পুরো ঘটনায় হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।

    ঘটনার খবর সামনে আসতেই হাসপাতাল জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হাসপাতালের ভিতরে কীভাবে কোনও আনুষ্ঠানিক নথি বা অনুমতি ছাড়াই মৃতদেহ বের করে নিয়ে যাওয়া সম্ভব হল, তা নিয়ে প্রশ্ন তুলছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একাংশ। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা।

    হাসপাতালের অ্যাক্টিং সুপার চিকিৎসক সুব্রত গড়াই জানিয়েছেন, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং ওই সময় কারা হাসপাতালে প্রবেশ করেছেন বা বেরিয়েছেন তা যাচাই করা হচ্ছে। তিনি আরও জানান, এই ঘটনায় যদি কোনও গাফিলতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ মেলে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (আজকাল)