• বিপুল উৎসাহে মিনিকুম্ভে শাহি স্নানে ভক্তরা, সরগরম হুগলির পুণ্যতীর্থ ত্রিবেণী
    বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বিপুল উৎসাহ উদ্দীপনায় শেষ হল শাহি স্নান এবং পঞ্চমাবারের মিনিকুম্ভ পর্ব। শুক্রবার ভোরবেলা থেকেই হুগলির বাঁশবেড়িয়াতে ছিল সাজ সাজ রব। শঙ্খনাদ আর বৈদিক মন্ত্রে মুখরিত ছিল ত্রিবেণী। তারপর সারা শহর জাগিয়ে কুম্ভপুণ্যার্থীদের উদ্যোগে শুরু হয় নগর পরিক্রমা। নাগা সাধু থেকে কিন্নর সন্ন্যাসিনীদের দেখতে ভিড় জমায় নাগরিক মহল্লা। গোটা শহর ঘুরে মিনিকুম্ভের পুণ্যার্থীরা আসেন ত্রিবেণী সপ্তর্ষি ঘাটে। সেখানেই পুণ্যস্নানের ব্যবস্থা করা হয়েছিল। এদিন যেমন তৎপরতা ছিল মিনিকুম্ভের উদ্যোক্তাদের তেমনই সতর্ক ছিল পুলিশ ও প্রশাসন। শহরজুড়ে ব্যাপক নিরাপত্তা বলবৎ করা হয়েছিল। নিরাপত্তার আয়োজন ছিল পুণ্যস্নানের ঘাটেও। শেষপর্যন্ত সুষ্ঠুভাবে শাহি স্নান পর্ব মিটে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পুলিশ ও প্রশাসনের শীর্ষকর্তারা।হাজার হাজার সাধু ও পুণ্যার্থীদের সমাগম ঘিরে শেষদিনের শাহি স্নান পর্ব নজরকাড়া হয়ে উঠেছিল। শুধু পুণ্যস্থান প্রত্যক্ষ করতেই বাঁশবেড়িয়ায় গঙ্গারপাড়ে ভিড় জমিয়েছিলেন বহু নাগরিক। উল্টোদিকের উত্তর ২৪ পরগনার ঘাটেও ছিল নাগরিক সমাবেশ। মিনিকুম্ভের আয়োজন ও পুণ্যস্নানকে ঘিরে সাধুসন্তরাও প্রশংসা করেছেন। প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি বাঁশবেড়িয়ার ত্রিবেণীতে শুরু হয়েছিল মিনিকুম্ভ। প্রায় সাতশো বছরের ইতিহাসকে আঁকড়ে ধরে গত পাঁচবছর ধরে বাঁশবেড়িয়ায় মিনিকুম্ভের আসর বসছে। প্রতিবছরই তাতে পুণ্যার্থী সমাগম বাড়ছে।
  • Link to this news (বর্তমান)