• পাওনা টাকা চাওয়ার ‘অপরাধে’ ব্যবসায়ীকে মার বিজেপি নেতার!
    এই সময় | ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়, কোচবিহার: জোর করে জমি দখল, টাকার দাবিতে মারধর— এতদিন শাসকদলের নেতাকর্মীদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলেও এ বার উলটপুরাণ কোচবিহারের তুফানগঞ্জে। পাওনা টাকা (Money) চাইতে গিয়ে এক বিজেপি (Bjp) নেতা ও তাঁর দলবলের হাতে প্রহৃত হলেন এক ব্যবসায়ী–সহ তিন জন। রীতিমতো কাঠের বাটাম, বাঁশ দিয়ে মারধরের একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি ‘এই সময়’) ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার দুপুরে তুফানগঞ্জ থানার নাককাটি গ্রাম পঞ্চায়েতের চামটা কাজিপাড়া মোড়ে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। তুফানগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই বিজেপি নেতা এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ব্যবসায়ী প্রকাশ দাস। ঘটনার প্রতিবাদে এলাকায় মিছিল করেছে তৃণমূল।

    প্রকাশের বাড়ি বক্সিরহাটের জোড়াই মোড় এলাকায়। জানা গিয়েছে, দু’বছর আগে স্থানীয় বিজেপি নেতা অভিনন্দন বর্মনের দেখানো একটি জমি ৫৫ লক্ষ টাকায় কিনেছিলেন নিগৃহীত ব্যবসায়ী। তুফানগঞ্জের চামটা এলাকায় ওই জমি (Land) কেনা হয়। অভিযোগ, অভিযুক্ত বিজেপি নেতা যে জমি দেখিয়েছিলেন সেটা না–রেজিস্ট্রি করে অন্য জমি বিক্রি করে তাঁকে প্রতারিত করেছেন।

    প্রকাশ বলেন, ‘দীর্ঘদিন সেই টাকা না–দিয়ে আমাকে ঘোরানো হচ্ছিল। এ দিন টাকা চাইতে গেলে প্রথমে বচসা হয়। তার পরে পরিকল্পিতভাবে বাটাম, বাঁশ দিয়ে আমাকে মারা হয়। বাধা দিতে গিয়ে আমার ম্যানেজার ও এক কর্মী গুরুতর আহত (Injured) হন। একজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছ।’ অভিযুক্ত বিজেপি নেতার কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিজেপির মণ্ডল সভাপতি যুগলকিশোর দাস বলেন, ‘এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। দু’জনের মধ্যে কী ঝামেলা হয়েছে বলতে পারব না।’

  • Link to this news (এই সময়)