ভোটের আবহে বাংলায় ফের ৬ IPS-এর বদলি, পিছনে কোন অঙ্ক?
আজ তক | ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ভোটের ঠিক আগে আগে ফের রাজ্য পুলিশে বড় রদবদল। সূত্রের খবর শনিবার ৬ জন IPS অফিসারকে বদলি করল রাজ্য সরকার। একটি বিজ্ঞপ্তি জারি করে একাধিক শীর্ষ পুলিস আধিকারিকের বদলি ও নতুন পদে নিয়োগের কথা জানানো হয়েছে। এর আগে ৩০ ও ৩১ জানুয়ারি রাজ্য পুলিশে বিরাট রদবদল এসেছিল। তার ঠিক ১৫ দিনের মাথায় আবার বদল আনল রাজ্য। কী কী পরিবর্তন করা হল, জেনে নিন
রাজীব মিশ্রকে তাঁর আগের দায়িত্ব এডিজি ও আইজিপি (মডার্নাইজেশন অ্যান্ড কো-অর্ডিনেশন) পদ থেকে সরিয়ে এডিজি ও আইজিপি, দক্ষিণবঙ্গ হিসেবে নিয়োগ করা হয়েছে। লক্ষ্মী নারায়ণ মীনাকে কারা দফতর থেকে বদলি করে এডিজি ও আইজিপি, সিআইডি পদের দায়িত্ব দেওয়া হয়েছে।
মুর্শিদাবাদ ও জঙ্গিপুর রেঞ্জের আইজিপি মুকেশকে নতুন আইজিপি (IB) হিসেবে নিয়োগ করা হয়েছে। নদিয়া ও রানাঘাট রেঞ্জের ডিআইজি সৈয়দ ওয়াকার রাজাকে বদলি করে ডিআইজি (মুর্শিদাবাদ রেঞ্জ) করা হয়েছে।
কৃষ্ণনগরের পুলিশ সুপার কে অমরনাথকে জলপাইগুড়ির নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে। আর জলপাইগুড়ির পুলিশ সুপার ওয়াই রঘুবংশীকে বদলি করে কৃষ্ণনগরের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
বদলির পিছনে কোন অঙ্ক?
আগামী মার্চ-এপ্রিলের মধ্যেই রাজ্যে রয়েছে বিধানসভা ভোট। তার আগে অফিসারদের বদলিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন বিশেষজ্ঞদের একাংশ। নির্বাচনী আবহে রাজ্যে যাতে কোনও অশান্তি না পাকায় তার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হল, বলে মনে করা হচ্ছে। যদিও নির্বাচন কমিশনের তরফেও আরও একবার রদবদল হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে তার আগেই পদক্ষেপ নিল রাজ্য সরকারও।
উল্লেখ্য, এর আগে জানুয়ারির শেষে মোট ২২ জন অফিসারকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁরাও ছিলেন IPS পদমর্যাদার। তখন চন্দননগর পুলিশ কমিশনার ও বর্ধমান রেঞ্জের আইজিপি পদে থাকা অমিত পি জাভালগি-কে বারাসতে IGP হিসেবে নিয়োগ করা হয়েছিল। পশ্চিমবঙ্গ ট্রাফিক পুলিশের ডিআইজি, বারাসত রেঞ্জের অলোক রাজোরিয়া (আইপিএস)কে বর্ধমান রেঞ্জের ডিআইজি হিসেবে পোস্টিং দেওয়া হয়েছিল।
মুর্শিদাবাদ পুলিশ জেলার নতুন SP করা হয়েছিল ধৃতিমান সরকারকে । মুর্শিদাবাদের পুলিশ সুপার ছিলেন কুমার সানি রাজ । তাঁকে পাঠানো হয়েছিল SS IB পদে। CID এসএস দেবযানী দত্তকে শিয়ালদার সুপারিনটেনডেন্ট রেলওয়ে পুলিশ (এসআরপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং বনগাঁর এসপি দীনেশ কুমারকে কলকাতা পুলিশের নর্থ বিভাগের ডিসি হিসেবে নিয়োগ করা হয়েছিল।