• ভ্যাট ভাঙাকে কেন্দ্র করে ফের সম্মুখ সমরে বিধায়ক–পুরসভা
    এই সময় | ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়, রায়গঞ্জ: রায়গঞ্জ পুরসভার (Municipality) একটি ভ্যাট (Vat) শহর তৃণমূলের (Tmc) পক্ষ থেকে জেসিবি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুরসভা–বিধায়ক দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এল। ভেঙে ফেলার পরে সেখানে তৃণমূলের পতাকা টাঙিয়ে দেওয়া হয়। শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরী নিজে দাঁড়িয়ে থেকে এই কাজের তদারকি করেন। তিনি রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর অনুগামী বলে পরিচিত। শনিবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পুরসভার ৯ নং ওয়ার্ডের রমেন্দ্রপল্লি এলাকায়। দীর্ঘদিন ধরে ওই জায়গায় ভ্যাট তৈরি করে আবর্জনা ফেলার ব্যবস্থা করেছিল পুরসভা। কিন্তু পুরসভাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই ভ্যাট ভেঙে দেওয়া হলো বলে অভিযোগ।

    এ বিষয়ে শিবশঙ্কর বলেন, ‘এই জায়গাটি একজনের ব্যক্তিগত সম্পত্তি। যা একসময় সিপিএম দখল করে রেখেছিল। তারপর পুরসভার তরফে এখানে ভ্যাট তৈরি করা হয়। দীর্ঘদিন ধরে এখানে নোংরা পড়ে থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছিল। দুর্গন্ধের কারণে সাধারণ মানুষের চলাচলেও অসুবিধা হচ্ছিল। তাই জনগণের স্বার্থে রায়গঞ্জের বিধায়ক এবং শহর তৃণমূলের উদ্যোগে জায়গাটিকে পরিষ্কার করা হচ্ছে। সবাইকে জানানো হয়েছে।’ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ওই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর (Councilor) বর্তমানে কো-অর্ডিনেটর বরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওই জায়গার ওয়ারিশার না থাকায় একসময়ে ওখানে নোংরা আবর্জনা ফেলতেন স্থানীয়রা। ২০১১ সালে পুরসভার তরফে ওখানে ভ্যাট তৈরি করা হয়। তবে পুরসভাকে না জানিয়ে এ ভাবে ভ্যাট ভেঙে ফেলা একেবারেই উচিত হয়নি।’

    পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, ‘ ছুটির দিনেও পুরসভার একজি়কিউটিভ (Executive) ইঞ্জিনিয়ারের সঙ্গে বৈঠক করে পুলিশে অভিযোগ দায়ের করা হবে। পুলিশ প্রশাসন আইনত ব্যবস্থা গ্রহণ করবে। আমরা আইনের বাইরে গিয়ে কোনও কাজ করি না।’ সিপিএমের রায়গঞ্জ শহর এরিয়া কমিটির সম্পাদক তীর্থ দাস বলেন, ‘এই জায়গাটি আমাদের দলের এক সদস্যের ছিল। তিনি প্রয়াত হবার পর তাঁর পরিবারকে দলের পক্ষ থেকে জায়গাটি হস্তান্তর করা হয়। প্রথমে পুরসভা, বর্তমানে রায়গঞ্জের বিধায়ক এই জায়গা দখলের চেষ্টা করছেন। আমরা আদালতের দ্বারস্থ হব।’

  • Link to this news (এই সময়)