• হঠাৎ রটল, ‘ভিতর থেকে ফর্ম নিয়ে নিচ্ছে’, চোপড়ায় যুব সাথীর ক্যাম্পে ঝামেলা
    এই সময় | ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  • যুব সাথীর ফর্মের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে বিরক্ত যুবক। হঠাৎই পুলিশ কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় বলে অভিযোগ। এর পরে পরিস্থিতি একেবারে সরগরম। উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনা। রবিবার থেকে বাংলার যুব সাথী প্রকল্পের ফর্ম দেওয়া শুরু হয়েছে। রাজ্য জুড়ে প্রতিটি বিধানসভা কেন্দ্রে দুয়ারে সরকারের আদলে ক্যাম্প করে চলছে ফর্ম বিলি।

    মাসে দেড় হাজার টাকা করে বেকার ভাতা দেবে সরকার। মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করেছেন, ২১ থেকে ৪০ বছর বয়সিরা এই ভাতা পাবেন। ১ এপ্রিল থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে। চোপড়া বিডিও অফিসে ক্যাম্প চলাকালীন শুরু হয় বিশৃঙ্খলা।

    যে হেতু বহু ছেলে-মেয়ে লাইনে দাঁড়িয়ে, তার উপরে প্রথম দিন, ফলে একটু ধীরেই প্রক্রিয়া এগোচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। লাইন নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন ছিল। এ সবের মধ্যেই দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন এক যুবক। তিনি দাবি করেন, অনেকক্ষণ ধরে লাইন এক জায়গায় দাঁড়িয়ে আছে।

    অভিযোগ, সেই সময়ে মুখে মুখে প্রচার হয়, অফিসের ভিতরে ঢুকে অনেকেই লাইন ছাড়া ফর্ম নিয়ে নিচ্ছেন। খবর ছড়াতেই ক্ষোভ বাড়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো ছেলে-মেয়েদের মধ্যে। এর পরেই শুরু হয় হইচই। চোপড়া থানার আইসি সুরজ থাপা মাইক হাতে নিয়ে উপস্থিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানান। লাইন স্বাভাবিক করার চেষ্টা করেন। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

  • Link to this news (এই সময়)