• বিহারের নম্বরপ্লেট লাগানো সারি সারি বাইক ঢুকছে BJP-র পার্টি অফিসে, তৃণমূলের দাবি, ‘আতঙ্ক ছড়াতেই…’
    এই সময় | ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  • মনোনয়ন থেকে প্রচার— বাংলার রাজনীতিতে বাইক বাহিনীর ব্যবহার নতুন নয়। বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই পাড়ায় পাড়ায় প্রচারের কৌশল সাজিয়ে রাখছে প্রতিটি রাজনৈতিক দল। রবিবার সকালে মালদা শহরে বিজেপির পার্টি অফিসে ঢুকল সারি সারি বাইক। এগুলি বিহার থেকে নিয়ে আসা হয়েছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

    রবিবার সাতসকালে একটি চার চাকার বড় গাড়ি করে বাইকগুলি মালদা শহরের বিজেপির সদর দপ্তর শ্যামাপ্রসাদ ভবনে এসে পৌঁছয়। বাইকগুলিতে বিহারের নম্বর প্লেটও লক্ষ্য করা গিয়েছে।

    বিষয়টি নিয়ে তৃণমূলের দাবি, বাইরে থেকে বাইক নিয়ে এসে এলাকায় বিশৃঙ্খলা তৈরি করতেই বিজেপির এই তোড়জোড়। তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, ‘ভোটে বিশৃঙ্খলা তৈরি করতে বিহার থেকে ৭-৮ লরি বাইক নিয়ে আসা হয়েছে। কেন্দ্রের বিজেপির সরকার কি এ বার বিহার থেকে গুন্ডা বাহিনী এনে এখানে জোর করে দখল করতে চাইবে? আমরা বিষয়টি পুলিশ প্রশাসনকে জানাচ্ছি।’

    তৃণমূলের মালদা জেলার মুখপত্র শুভময় বসু বলেন, ‘আমরা শুরু থেকেই বলেছি বিজেপি বাংলা বিরোধী। সেই কারণেই বাঙালিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতেই এ ভাবে বাইরের রাজ্য থেকে বাইক নিয়ে এসেছে। আমরা জেলাশাসক, পুলিশকে বিষয়টি জানাব।’

    যদিও বিজেপির মালদা দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, ‘মোট ১৪টি বাইক এসেছে। বিহারের ভোট শেষ হওয়ার পরে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। জেলার নেতাদের বাইকে করে প্রচারের জন্য এই বাইক নিয়ে আসা হয়েছে। গত নির্বাচনেও এসেছিল।’ এরকম আরও গাড়ি শিলিগুড়ি, বর্ধমান, কলকাতাতেও যাচ্ছে বলেও জানান তিনি।

  • Link to this news (এই সময়)