আজ থেকেই যুবসাথীর আবেদন শুরু, কীভাবে ফর্ম পূরণ করবেন
আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: এবারের রাজ্য বাজেটে বড় চমক 'বাংলার যুব সাথী'। রাজ্যের শিক্ষিত বেকার যুবসমাজের জন্য প্রকল্পের ঘোষণা করল মমতা ব্যানার্জি। রাজ্য বাজেট পেশের দিন জানা গিয়েছিল চলতি বছর ১৫ আগস্ট থেকেই চালু হবে 'বাংলার যুব সাথী' প্রকল্প। তবে মঙ্গলবার, নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী জানালেন, আগস্ট নয়, এপ্রিল থেকেই কার্যকর হবে এই প্রকল্প।। ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার থেকে শুরু হচ্ছে আবেদন। আবেদন জমা দেওয়া যাবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
কীভাবে করা যাবে এই আবেদন?
রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, অনলাইনে নয়, ফর্ম জমা নেওয়া হবে অফলাইনে। মুখ্যমন্ত্রী সাফ জানান, 'যে হেতু সময় কম, তাই অনলাইনে যাচ্ছি না। কারণ কে পাঠাবে না পাঠাবে, রিভিউ করতে, সার্ভে করতে অনেক সময়ত লেগে যাবে।'
কীভাবে এই প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে? মুখ্যমন্ত্রী জানান, কাগজে বিজ্ঞাপন দেওয়া হবে। ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ২৯৪টি শিবির তৈরি করবে সরকার। দুয়ারে সরকারের মতো মতো শিবির হবে। প্রত্যেক শিবিরে তিনটি বিভাগ থাকবে। যুবসাথীদের সুবিধা দেওয়ার জন্য যুব এবং ক্রীড়া বিভাগ থাকবে। তবে অনলাইনেও আবেদন জমা দেওয়া যাবে বলে খবর সূত্রের।
আবেদনকারীর ফোন নম্বর, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার নথি, ছবি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস প্রয়োজনীয়। এগুলি নিয়ে আবেদনকারীকে যেতে হবে যুবসাথী ক্যাম্পে। সেখানে গিয়ে ফর্ম পূরণ করতে হবে।
কারা এই আবেদন করতে পারবেন?
মাধ্যমিক পাশ, ২১ থেকে ৪০ বছর বয়সীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী বা স্মার্টকার্ড পেলেও এই ভাতা পাওয়ায় কোনও সমস্যা হবে না। তবে রাজ্য সরকারের অন্য কোনও প্রকল্পে টাকা না পেলে, এই যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন তাঁরা।
আগামী পাঁচ বছর মাসে দেড় হাজার টাকা করে পাবেন। তারপর আবার রিভিউ হবে। যতদিন তাঁরা চাকরি পাচ্ছেন।