• জাতীয় স্কোরারের স্মৃতিতে শুরু ক্রিকেট টুর্নামেন্ট
    আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: চুঁচুড়ায় প্রয়াত জাতীয় ক্রিকেট স্কোরার কৌশিক সাহার স্মৃতিতে শুরু হল অনূর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতা। চুঁচুড়ার বাসিন্দা কৌশিক সাহা ছিলেন বিসিসিআইয়ের স্বীকৃত স্কোরার। ২০২১ সালে তাঁর অকাল প্রয়াণ ঘটে।

    তাঁর স্মরণে চুঁচুড়া ইউনিয়ন অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে এবং পরিচালনায় আটটি দলকে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। চুঁচুড়া সেকেন্ড গ্রাউন্ডে শুরু হওয়া এই প্রতিযোগিতাকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

    জানা যায়, চুঁচুড়ায় এমন বহু মানুষ রয়েছেন, যাঁরা কৌশিক সাহার হাত ধরেই ক্রিকেট স্কোরিং শিখেছেন। বর্তমানে তাঁদের অনেকেই বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি সহ রাজ্য ও দেশের বিভিন্ন প্রতিযোগিতায় স্কোরারের দায়িত্ব পালন করছেন। সেই কারণেই তাঁর স্মৃতিতে আয়োজিত এই প্রতিযোগিতিকে ঘিরে প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে ক্লাব পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে আলাদা এক আবেগ কাজ করছে।

    উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন ইউনিয়ন অ্যাথলেটিক ক্লাবের সদস্যদের পাশাপাশি চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার।

    অনুষ্ঠানে ক্লাবের সভাপতির বক্তব্যে উঠে আসে কৌশিক সাহার অবদানের কথা। তিনি জানান, ‘প্রয়াত কৌশিক সাহার স্মৃতির উদ্দেশ্যেই আমরা এই প্রতিযোগিতা শুরু করেছি এবং আগামী দিনেও এই আয়োজন চালিয়ে যাব। কৌশিক সাহা আমাদের গর্ব।’

    এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের ক্রিকেটারদের পাশাপাশি স্কোরিংয়ের জগতেও কৌশিক সাহার অবদানকে স্মরণ করা হচ্ছে বলে জানান উদ্যোক্তারা।
  • Link to this news (আজকাল)