নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দাউদাউ করে জ্বলছে গোটা ফ্ল্যাট। জানালা দিয়ে তার লেলিহান শিখা বেরিয়ে আসছে। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। রাস্তায় তখন ভিড় জমতে শুরু করেছে। টালিগঞ্জের অভিজাত আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। আতঙ্কে ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে আসেন সেলিব্রিটিরা। টালিগঞ্জের করুণাময়ী মোড় থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত এই আবাসনে টালিগঞ্জের বহু অভিনেতা-পরিচালকরা থাকেন।
রবিবার ছুটির দিনে সকাল সাড়ে ১০টা নাগাদ আগুন লাগে টাওয়ার-টু’র পাঁচতলায়। অভিজাতদের বাস হওয়ায় নিমেশে অগ্নিকাণ্ডের খবর চাউর হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা আবাসন চত্বরে। প্রাথমিকভাবে আবাসনের নিজস্ব অগ্নিনির্বাপন ব্যবস্থা দিয়েই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। একইসঙ্গে সেখানে আসে হরিদেবপুর থানার পুলিশ। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের জেরে আবাসনের বাইরে বেরিয়ে আসেন অভিনেতা যশ ও তাঁর স্ত্রী অভিনেত্রী নুসরত, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পরিচালক শুভ্রজিৎ এবং আবাসনের অন্যান্য বাসিন্দারা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পাঁচতলার ওই ফ্ল্যাটে বৈদ্যুতিক শর্চ সার্কিট থেকেই আগুন লেগেছে।