• গ্রাহকদের জমানো ৩.৫ কোটির সোনা নিয়ে জুয়া খেললেন ব্যাঙ্ককর্মী! তার পর...
    এই সময় | ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • বাড়ির থেকে নিরাপদ ব্যাঙ্কের লকার। এই ধারণা থেকেই নিরাপত্তার খোঁজে অনেকেই নিজেদের মূল্যবান সোনার অলঙ্কার গচ্ছিত রাখেন ব্যাঙ্কের ভল্টে। কিন্তু ব্যাঙ্কও যে নিরাপদ আশ্রয় নয়, তার প্রমাণ মিলল। গ্রাহকদের গচ্ছিত গয়না অনুমতি ছাড়াই তুলে নিয়ে জুয়া খেলার অভিযোগ উঠল বেসরকারি ব্যাঙ্কের এক কর্মীর বিরুদ্ধে। ডেপুটি ম্যানেজার পদে কর্মরত ওই কর্মীকে সোনার গয়না হাতানোর অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

    সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই সকলের অলক্ষ্যে গ্রাহকদের গচ্ছিত সোনার গয়না একটু একটু করে সরিয়ে নিচ্ছিলেন অভিযুক্ত ব্যাঙ্ককর্মী। ব্যাঙ্কের রেকর্ড পরীক্ষা করতে গিয়ে গরমিল চোখে পড়ে ওই ব্যাঙ্কের চিফ ম্যানেজারের। গত ৫ ফেব্রুয়ারি তিনি সরাসরি গিরিনগর থানায় অভিযুক্তের বিরুদ্ধে FIR দায়ের করেন।

    পুলিশের অভিযোগ, প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ২,৭৮০ গ্রাম সোনার অলঙ্কার ব্যাঙ্ক থেকে সরিয়ে নিয়েছেন ওই কর্মী। কিছু গয়না তিনি ফিনান্স কোম্পানির কাছে বন্ধক রেখে চড়া হারে টাকা নিয়েছিলেন। আর বাকি অলঙ্কার অনলাইন জুয়া খেলায় কাজে লাগিয়েছেন।

    ডেপুটি কমিশনার অফ পুলিশ লোকেশ বি জগালাসার জানিয়েছেন, চুরি যাওয়া সোনার পুরোটাই উদ্ধারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত প্রায় ৭০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এই ঘটনা সামনে আসতেই দুশ্চিন্তায় গ্রাহকরা। সোনা খোয়া যাওয়া গ্রাহকরা অলঙ্কার ফেরত না পেলে আদালতে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

  • Link to this news (এই সময়)