• চড়ছে তাপমাত্রার পারদ, শীতের আমেজও ফুরোবে? কী পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের?
    এই সময় | ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • ধীরে ধীরে চড়ছে দিন-রাতের তাপমাত্রার পারদ। তবে এখনও শহরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের নীচেই (Weather Forecast Today)। সকালের দিকে দেখা মিলছে না ঘন কুয়াশার। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলি শীতের আমেজ রয়েছে। উত্তুরে হাওয়ার সৌজন্যে আগামী আরও কয়েকদিন শীতের (Winter Update) আমেজ থাকবে ভোরের দিকে। কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রার পারদ।

    সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি সেলসিয়াস কম। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৩৬ শতাংশ।

    আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নতুন করে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। বরং দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। মাসের শেষেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩২-৩৩ ডিগ্রি সেলসিয়াস। ফেব্রুয়ারি মাস স্বাভাবিকের থেকে উষ্ণতর হতে পারে, সম্ভাবনা এমনই। আপাতত রাজ্যের কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রার পারদ দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে পূর্বাভাস। বর্তমানে উত্তর এবং দক্ষিণ, দুই বঙ্গের জেলাগুলির মধ্যে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

  • Link to this news (এই সময়)