আজকাল ওয়েবডেস্ক: শীত, গ্রীষ্ম বা বর্ষা, কখনও কালীর বেশে, কখনও আবার শীব সেজে বা দুর্গার আদলে মহানগরের রাস্তায় চলার পথে এখনও দেখা মেলে বহুরূপীদের। কিন্তু, সাবধান। একটু অন্যমনষ্ক হলেই ঘটে যেতে পারে বড় বিপদ। কারণ কলকাতায় বহুরূপীর আড়ালে চলছে পকেটমারি। অর্থাৎ বহুরূপী বেশ ধরে শহরের ছড়িয়ে পড়েছে পেশাদার পকেটমাররা!
সম্প্রতি কলকাতা থেকে গ্রাপ্তার করা হয়েছে চারজন বহুরূপীকে। এরা প্রত্যেকেই পকেটমার। মানুষের চোখে ধুলে দিতেই প্রাচীন লোকশিল্পকে হাতিয়ার করেছে এরা। জোড়াসাঁকো থানার পুলিশ বহুরূপী বেশধারী চারজনকে পাকড়াও করেছে।
একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, "আলিন রামজু সালাত, ধীরু কালোভাই সালাত, সমীরভাই সালাত এবং রাজু কুমার- অভিযোগ পেয়ে তদন্ত নেমে আমরা এই চারজনকে শনাক্ত করেছিলাম। তারপর তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা সকলেই গুজরাটের আনন্দ জেলার বাসিন্দা। এরা কালী, শিবের মতো দেবদেবীদের আদলে সাজতেন এবং কলকাতার রাস্তায় পকেটমারি করতেন।বেশিরভাগ ক্ষেত্রেই এরা মোবাইল ফোন ছিনতাই করেছে।"
লালবাজার সূত্রে খবর, জোড়াসাঁকো থানা এলাকায় অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে পুলিশ। সম্প্রতি পার্ক স্ট্রিট এলাকা থেকে মহম্মদ সাহানওয়াজ নামে একজনকে ধরা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদের সময় এই চক্রের সন্ধান মিলেছিল।
পুলিশ জানিয়েছে যে, তদন্তে জানা গিয়েছে যে- এই চক্রটি কলকাতার বাইরেও ছড়িয়ে পড়েছে। আরও তদন্ত চলছে। সামনেই দোল ও চৈত্র সংক্রান্তি। বিভিন্ন দেবতার সাজে সেজে পথে-ঘাটে বাড়ে বহুরূপী। হাড়তে পারে পকেটমারি! ফলে সতর্ক করে দিয়েছে পুলিশ প্রশাসন।