অয়ন ঘোষাল: আজ ৩ ফাল্গুন ১৪৩২। ১৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে বসন্ত কাল। তবে শীতের যেরকম প্রায় ৩ মাস মেয়াদ ছিল বসন্তের ক্ষেত্রে তেমনটা হবে না বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। মেরেকেটে ২৩ বা ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বসন্তের আবহাওয়া পাওয়া যাবে। ফেব্রুয়ারির শেষ দিকেই রীতিমতো গরমের অনুভূতি রাজ্যে।
তাপমাত্রা বৃদ্ধি:
দিনের বেলায় শীতের অনুভূতি আগেই গায়েব হয়েছে। চলতি সপ্তাহে রাতেও শীতের আমেজ ক্রমশ গায়েব হবে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা বুধবারের মধ্যে আরও দু ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব ক্রমশ কমবে। বেলা বাড়লে উষ্ণ দক্ষিণা বাতাসের দাপট বাড়বে বুধ, বৃহস্পতিবার থেকেই।
ঘন কুয়াশা:
রাজ্যে আর কোথাও ঘন কুয়াশার সতর্কতা নেই। উত্তরের জেলাগুলিতে সকালে খুব হালকা থেকে মাঝারি কুয়াশা। দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে কিছু জায়গায়। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা।
পশ্চিমী ঝঞ্ঝা:
উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় ৩ দিন আগে তৈরি পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশঃ পূর্ব ও উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আজ ১৬ ফেব্রুয়ারি সোমবার। একসঙ্গে একজোড়া পশ্চিমী ঝঞ্ঝা আসার প্রবল সম্ভাবনা।
দক্ষিণবঙ্গ
দক্ষিণবঙ্গে বুধবার থেকে রাতেও শীতের আমেজ ধীরে ধীরে কমবে। বৃহস্পতিবার থেকে দিনের পারদ দু- তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি এবং কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি পৌঁছাতে পারে এই সপ্তাহেই। সকালের দিকে হালকা শিশির কিংবা কুয়াশা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। এই সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা। আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে আগামী দু-তিন দিন। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেও সামান্য বাড়বে তাপমাত্রা। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় রাতের পারদ ৯ ডিগ্রি এবং ডুয়ার্সের জেলায় ১৫ ডিগ্রিতে উঠতে পারে রাতের পারদ। মালদা-সহ নীচের দিকের জেলাতে এই সপ্তাহে ১৭ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে রাতের তাপমাত্রা।
কলকাতার তাপমান
গতকাল প্রায় ৩০ ছুঁয়ে ফেলল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। গতকাল রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৬ থেকে ৮৭ শতাংশ।
ভিন রাজ্য
গত ২৪ ঘণ্টায় কর্নাটকের কারওয়ারে তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পূর্ব রাজস্থানের শিখরে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঘন কুয়াশার সতর্কতা হিমাচল প্রদেশে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড় বৃষ্টি অরুণাচল প্রদেশে। কর্ণাটক কোঙ্কন এবং গোয়াতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া।