• মুহূর্তে কারখানা হলো জতুগৃহ, সাত শ্রমিকের মর্মান্তিক পরিণতি
    এই সময় | ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • রাজস্থানের (Rajasthan Fire) ভিওয়ান্ডিতে সোমবার সকালে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন শ্রমিকের ঝলসে গিয়ে মৃত্যু হয়েছে। গুরুতর অগ্নিদগ্ধ ১৩ শ্রমিক। তাঁরা কোনও ভাবে বেরিয়ে আসতে পেরেছেন। কারখানার ভিতরে এখনও আটকে রয়েছেন কয়েকজন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরুতর জখমদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

    ভিওয়ান্ডি পুলিশ ও সেখানকার দমকল সূত্রে খবর, খুশখেদা ইন্ডাস্ট্রিয়াল এলাকার ওই কারখানায় সোমবার সকালে শিফ্ট চেঞ্জের সময়ে আগুন লাগে। সেই সময়ে কারখানায় ছিলেন জনা ২৫ শ্রমিক। আচমকা প্রচণ্ড শব্দে একাধিক বিস্ফোরণ হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। সেই ধোঁয়া দেখতে পাওয়া যায় কয়েক কিলোমিটার দূর থেকেও।

    আগুন লাগার খবর পেয়ে দ্রুত পৌঁছয় দমকল ও পুলিশ। স্থানীয় খৈরতাল, তিজারা এবং আশপাশের শিল্পতালুক থেকে দমকলের অন্তত ২০টি ইঞ্জিন পাঠানো হয় আগুন নেভাতে। কারখানায় যে হেতু অনেক রাসায়নিক মজুত ছিল, তাই আগুন নেভাতে জল ছাড়াও প্রচুর পরিমাণে ফোমও ব্যবহার করা হয়।

    এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ আগুন লাগে। ভিওয়ান্ডির অতিরিক্ত জেলাশাসক সুমিতা মিশ্র জানিয়েছেন, ওই কারখানায় বিস্ফোরণের পরে আগুনের লেলিহান শিখা বেরোতে শুরু করে। যা টহলদারি পুলিশের একটি দল দেখতে পায়।

    পুলিশ, দমকল কর্মীদের পৌঁছনোর পরেই সেখানে ছুটে যায় মেডিক্যাল টিম ও জেলা প্রশাসনের কর্তারা। প্রায় পৌনে ২ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কারখানার ভিতরে এখনও পকেট ফায়ার রয়েছে। ঘটনাস্থলে রয়েছেন দমকলের কর্মীরা।

    কী ভাবে বিস্ফোরণ ঘটল ও তা থেকে আগুন লাগল তা এখনও নিশ্চিত নয়। কারখানা ও তার লাগোয়া চত্বর সরেজমিন পরিদর্শন করেন তিজারা এলাকার ডেপুটি পুলিশ সুপার শিবরাজ সিং। পুরো ঘটনার তদন্তে রয়েছে ভিওয়ান্ডির পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলাশাসক।

    নিয়ম মেনে কারখানা চলছিল কি না, সেখানে আগুন লাগলে তা নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল কি না, কারখানায় ঢোকা ও বেরনোর সব রাস্তা ফাঁকা ছিল কি না, সবই তদন্ত করে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)