• ‘ম্যাটারনিটি ফটোশুট’-এ ব্যস্ত মা, সুইমিং পুলে ডুবে গেল ৩ বছরের সন্তান, বেঙ্গালুরুতে হাড়হিম কাণ্ড
    এই সময় | ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • সোশ্যাল মিডিয়ায় হালফিলে অত্যন্ত পরিচিত বিষয় হলো ম্যাটারনিটি ফটোশুট (Maternity photoshoot)। যেখানে সন্তানকে নিয়ে বা অন্তঃসত্ত্বা অবস্থায় বিভিন্ন আনন্দের মুহূর্ত ফ্রেমবন্দি করেন মায়েরা। কিন্তু সেই ফটোশুট করতে গিয়েই বিপদ ডেকে আনলেন এক মহিলা। অভিযোগ, তিনি বন্ধুদের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত ছিলেন। সেই সময়ে তাঁর তিন বছরের সন্তান সুইমিং পুলে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। ওই তিন বছরের শিশুর নাম লক্ষমীর। সে একটি বেসরকারি সংস্থার কর্মী চরণ রাজের সন্তান। তাঁর মা স্বাতী গৃহবধূ।

    অভিযোগ, গত শনিবার বেলা আড়াইটে নাগাদ স্বাতী নিজের তিন বছরের সন্তান এবং কয়েকজন বন্ধুকে নিয়ে ম্যাটারনিটি ফটো শুট করছিলেন। সেই সময়ে তিন বছরের সন্তানকে মিনিট ১৫-র জন্য একা ছেড়ে দিয়েছিলেন তিনি। স্বাতী যখন বন্ধুদের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত, সেই সময়ে তাঁর সন্তান চার ফুট গভীর সুইমিং পুলে পড়ে যায় বলে অভিযোগ শিশুর দাদু রমেশ বাবুর। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রমেশ বাবুর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মদনায়কনাহল্লি পুলিশ। শিশুটির দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। দুর্ঘটনার সময়ে শিশুটির বাবা ছিলেন বিদেশে। সন্তানের মৃত্যুর খবর পেয়ে তিনি তড়িঘড়ি দেশে ফেরেন। শিশুর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার।

  • Link to this news (এই সময়)