• SIR-এ আবাস যোজনার নথি গ্রহণযোগ্য নয়, জানাল কমিশন, সমালোচনায় সরব তৃণমূল
    এই সময় | ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • রাজ্যে SIR-এর শুনানি পর্ব সমাপ্ত হয়েছে আগেই। যাঁদের শুনানিতে ডাকা হয়েছিল, তাঁদের নথি যাচাইয়ের কাজ চলছে। এর মাঝেই নথি নিয়ে নতুন নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। SIR-এর নথি হিসেবে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’, ‘বাংলার বাড়ি’ প্রকল্পের আর্থিক সহায়তার অনুমোদনপত্র গ্রহণ করা হবে না।

    সোমবার রাজ্যের CEO দপ্তরকে একটি চিঠি দেয় নির্বাচন কমিশন। সেখানে জানিয়ে দেওয়া হয়েছে, উপরোক্ত প্রকল্পগুলির নথি SIR-এর নথি হিসেবে গ্রাহ্য করা হবে না। শুনানি চলাকালীন এই ধরনের নথি অনেকেই জমা দিয়েছিলেন। বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে জানতে চেয়েছিল রাজ্যের CEO দপ্তর। এ দিন, কমিশনের তরফে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে PMAY-G, IAY, বাংলার বাড়ি (গ্রামীণ) প্রকল্পগুলির নথি SIR-এ গ্রহণযোগ্য নয়।

    সুপ্রিম কোর্টের নির্দেশিকায় জানানো হয়েছিল, ২০২৫ সালের ২৭ অক্টোবর SIR সংক্রান্ত যে নোটিস দেওয়া হয়েছিল, সেখানে উল্লেখিত নথি নির্বাচন কমিশনের কাছে গ্রহণযোগ্য। তবে, সেই বিজ্ঞপ্তির তালিকায় জমি/বাড়ির অ্যালটমেন্ট-এর নথি গ্রহণযোগ্য হিসেবে জানানো হয়েছিল। অনেকেই সেটা ভুল বুঝে সরকারি আবাস যোজনা প্রকল্পের নথি জমা দিয়েছেন। এই ধরনের নথি SIR-এর স্ক্রুটিনি পর্বে গ্রহণযোগ্য নয় বলে এ দিন জানিয়ে দিয়েছে কমিশন।

    যদিও বিষয়টি নিয়ে প্রতিবাদ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। তৃণমূলের বক্তব্য, ‘গত ২১ জানুয়ারি, ২০২৬ যখন এসব প্রকল্পের নথি গ্রহণযোগ্য কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, তখনই কি কমিশন স্পষ্ট অবস্থান জানাতে পারত না? প্রায় এক মাস ধরে কি নাটক করছিল তারা? এরা কি সুপ্রিম কোর্টের নির্দেশও মানবে না?’ বহু আবেদনকারী এই সকল প্রকল্পের উপভোক্তা হিসেবে পাওয়া কার্ড বা অনুমোদনপত্র জমা দিয়েছেন। এখন তাঁদের ভবিষ্যৎ কী? দেশের অন্য রাজ্যে এক নিয়ম আর বাংলার বেলায় অন্য নিয়ম কেন হবে?’

  • Link to this news (এই সময়)