উচ্ছে দেড়শো টাকা কেজি, ৩০ টাকায় নামতে পারে, কবে? খোঁজ নিল bangla.aajtak.in
আজ তক | ১৬ ফেব্রুয়ারি ২০২৬
শীতকালে সব সবজির দাম সস্তাই থাকাই দস্তুর। শহর কলকাতা থেকে এখনও শীতের রেশ কাটেনি। জেলায় জেলায় সকালের দিকে বেশ ঠান্ডা এখনও টের পাওয়া যাচ্ছে। কিন্তু এরইমধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকায় রেকর্ড বেড়ে গিয়েছে উচ্ছের দাম। ফলে মুখ তেতো করতে গিয়ে ছ্যাঁকা খেতে হচ্ছে আমজনতাকে।
বাজারে উচ্ছের দাম কত?
কলকাতা ও সংলগ্ন জেলায় রেকর্ড দামে বিকোচ্ছে উচ্ছে। হঠাৎ করেই মাসখানেকের মধ্যেই দাম বেড়েছে এই সবজিটির। কলকাতায় বজবজ এলাকায় উচ্ছের কেজি রয়েছে ১৫০ টাকা, এয়ারপোর্ট সংলগ্ন বাজারগুলিতে উচ্ছের প্রতি কেজির দাম রয়েছে ১৪০ টাকার আশেপাশে। অন্যদিকে, শিয়ালদা কোলে মার্কেটের মতো পাইকারি বাজারে উচ্ছের দাম রয়েছে ১০০-১১০ টাকা/ কেজি।
কেন উচ্ছের দাম এত বেশি?
উচ্ছের দাম বৃদ্ধির কারণ নিয়ে বলতে গিয়ে কোলে মার্কেট ভেন্ডারস অ্যাসোসিয়েশনের সভাপতি ও রাজ্য সরকারের টাস্ক ফোর্স টিমের সদস্য কমল দে bengali.aajtak.in -কে জানান, "উচ্ছের দাম এই সময়ে অনেকটাই বেড়ে যায়। আসলে উচ্ছে তো শীতকালীন ফসল নয়। সেই কারণে উচ্ছের দাম এখন এত বেশি রয়েছে। গরম হাওয়া বইতে শুরু করলেই এই দাম প্রতি দিন কমতে শুরু করবে।"
তিনি বলেন, "কলকাতায় সবচেয়ে বেশি পরিমাণ উচ্ছে আসে কাকদ্বীপ থেকে। এই বছরও সেখানে যথেষ্ট পরিমাণেই উচ্ছে চাষ হয়েছে। ফলন কম হয়নি। কিন্তু বাজারে ওই উচ্ছে আসতে আরও দিন ১৫-২০ সময় লাগবে। তারপর থেকেই ধীরে ধীরে কমতে শুরু করবে উচ্ছের দাম।"
কবে নাগাদ দাম কমতে পারে?
কমল দে জানান, গরম কাল আসার সঙ্গে সঙ্গেই উচ্ছে সস্তা হতে শুরু করবে। কোলে মার্কেটে এক পর্যায়ে গিয়ে উচ্ছের দাম পাইকারি রেটে ১০ টাকা কেজিতে নেমে আসবে বলেও আশাবাদী তিনি। সেক্ষেত্রে খুচরো বাজারে ৩০-৪০ টাকা কেজিতে নামতে পারে উচ্ছের দাম।