• দল ছাড়ছেন প্রতীক উর, বলছেন, 'খাপ খাওয়াতে পারছি না,' CPIM-এ বড় ধাক্কা
    আজ তক | ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগের বড় ধাক্কা বাম শিবিরে। দল ছাড়ছেন প্রতীক উর রহমান। প্রাক্তন এই SFI নেতা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে CPIM প্রার্থী ছিলেন। ২০২১ সালের বিধানসভা ভোটেও প্রার্থী ছিলেন তিনি। এবারেও তাঁকে এই কেন্দ্র থেকে প্রার্থী করার সম্ভাবনা ছিল জোরাল। দলে জেলা ও রাজ্য নেতৃত্বের একাংশের উপর মনক্ষুন্ন হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। দল জেলা ও রাজ্য কমিটি থেকে অব্যাহতি চেয়ে শীর্ষনেতৃত্বকে লেখা একটি চিঠি সামনে এসেছে। যেখানে তিনি অব্যাহতি চেয়েছেন দলের প্রাথমিক সদস্যপদ থেকেও। যদিও সেই চিঠির সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in.

    প্রকাশ্যে আসা ওই চিঠিতে প্রতীক উর রহমানের বয়ানে লেখা হয়েছে, 'সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না, মানসিক দ্বন্দ্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এই অবস্থায় আমি পার্টির জেলা ও রাজ্য কমিটির দায়িত্ব তৎ সহ পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।' 

    এই চিঠি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও তিনি লেখেন, 'CPIM-এর বায়োলজিকাল ফেরেব্বাজ নেতৃত্বের অংশ ও ফেসবুকের সভ্যতাহীন ফুটেজ বিপ্লবীদের দাপটে দলেরই প্রথম সারির যুবনেতাদের অবস্থা ও সিদ্ধান্ত এরকম। SFI শীর্ষনেতা, জেলার নেতা, রাজ্য কমিটির কিছু দায়িত্বে থাকা ও গত লোকসভায় ডায়মন্ড হারবারে CPIM প্রার্থী প্রতীক উর। CPIM-কে সর্বস্তরে শূন্যতে নামানো সম্পাদক ও তাঁর মদতপ্রাপ্ত অযোগ্য বাতেলাবাজগণের কাঠিবাজিতে নাকি এই সিদ্ধান্ত।' যদিও তিনিও এই চিঠির সত্যতা যাচাই করেননি বলে জানিয়েছেন। 

    উল্লেখ্য, সম্প্রতি প্রতীক উর রহমানকে সোশ্যাল মিডিয়াতেও সরব হতে দেখা গিয়েছিল। হুমায়ুন কবীরের সঙ্গে মহম্মদ সেলিমের একান্ত বৈঠক নিয়ে দলের একাংশের মধ্যে দ্বিমত ছিল এবং সর্বোপরি সেই বৈঠক নিয়ে দলের একাধিক নেতার সাফাইতেও অসন্তুষ্ট ছিলেন প্রতীক উর। দলীয় সূত্রে খবর এমনটাই। তাঁর একটি ফেসবুক পোস্ট, 'নীতি নৈতিকতা ছাড়া আর যা-ই হোক কমিউনিস্ট পার্টি হয় না' মন্তব্যও নজর কেড়েছিল। সেটি যে তিনি দলের একাংশের বিরুদ্ধেই বলেছিলেন, তা কার্যত স্পষ্ট ছিল। ফলে দীর্ঘদিন ধরে মনক্ষুন্ন হয়েই তাঁর এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। 

    এক CPIM নেতার কথায়, 'প্রতীক উর পার্টি অন্ত প্রাণ। যতটুকু কাজ করেছি ওর সঙ্গে, জেনেছি ও পার্টির নির্দেশ মেনেই সর্বদা কাজ করেন।' পদত্যাগ প্রসঙ্গে তিনি জানান, 'খোঁজ নিয়ে জানাব।' 

     
  • Link to this news (আজ তক)