• ভারতের জলসীমায় বাংলাদেশি মৎস্যজীবী, আটক ২৮ জন
    এই সময় | ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ২৮ জন মৎস্যজীবী-সহ বাংলাদেশি ট্রলার আটক। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ফ্রেজারগঞ্জে। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হাতে ট্রলারটি আটক হয়েছে। রবিবার গভীর রাতে ভারতীয় জলসীমার ভিতরে ঘোরাফেরা করতে দেখা যায় ‘এফবি সাগর’ নামে একটি ট্রলারকে। বিষয়টি নজরে আসার পরেই উপকূল রক্ষী বাহিনী ট্রলারটিকে ঘিরে ফেলে এবং আটক করে। ট্রলারটিতে মোট ২৮ জন বাংলাদেশি মৎস্যজীবী ছিলেন।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের বক্তব্যে অসংগতি ধরা পড়ে বলে সূত্রের খবর। এর পরে ট্রলার-সহ সমস্ত মৎস্যজীবীকে আটক করা হয়। সোমবার সকালে আটক ট্রলারটিকে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয়।পরে ২৮ জন মৎস্যজীবীকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে বিস্তারিত তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    আটক হওয়া মৎস্যজীবী রতন দাস বলেন, ‘আমরা মাছ ধরতে এসেছিলাম। বাংলাদেশের বাসিন্দা। বুঝতে পারিনি ভারতের জলসীমায় এসে গিয়েছি।’ তিনি আরও দাবি করেন, তাঁদের বোটে করে এক ভারতীয় বাংলাদেশ থেকে এসেছেন। তাঁর নাম রবীন্দ্র দাস। পুলিশ জানাচ্ছে, সমস্ত দিক খতিয়ে দেখা হবে।

  • Link to this news (এই সময়)