• তৃণমূলে যাচ্ছেন প্রতীক উর? বললেন, 'সব জবাব আছে'
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ভোটের মুখে সিপিআইএম ছাড়লেন প্রতীক উর রহমান। সোমবার সকালে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন এই তরুণ নেতা। ইস্তফা পত্রে লিখেছেন, 'আমি প্রতীক উর রহমান। পার্টির সর্বক্ষণের কর্মী। সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না, মানসিক দ্বন্দ্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এই অবস্থায় আমি পার্টি ও রাজ্য কমিটির দায়িত্ব তৎসহ পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে অব্য়াহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্ত সকলকে অবগত করলাম।'

    স্বাভাবিকভাবেই প্রতীক উরের এই সিদ্ধান্তের পরেই জোর জল্পনা রাজনৈতিক মহলে। সিপিএম-এর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই প্রতীক উরের একাধিক আচরণে সহযোদ্ধাদের মনে প্রশ্নে ওঠেনি তা নয়। কেউ কেউ তাঁর ডায়মন্ডে হারবারে ভোট লড়ার বিষয়টিকেও তুলে আনছেন সামনে। জোর জল্পনা এক মহলে, প্রতীক উর নাকি এবার যাচ্ছেন তৃণমূলে।

    আজকাল ডট ইন, এই জল্পনার মাঝেই যোগাযোগ করেছিল প্রতীক উরের সঙ্গে। তৃণমূলে যাচ্ছেন? কবে যাচ্ছেন? দলের সঙ্গে কেন এই দূরত্ব? আপনার মতো যুব নেতা, যাঁকে ভরসা করে দলে এসেছেন আরও অনেকে, তাঁদের বিশ্বাসে আঘাত কেন?

    প্রতীক উর বলছেন, 'এখনই উত্তর দেব না কোনও।' 

    ইস্তফা কেন?প্রতীক উর বলছেন, 'দলের শীর্ষ নেতাদের জানিয়েছি ইস্তফার বিষয়টি। যাঁদের জানিয়েছি, তাঁদের উত্তরের অপেক্ষায়। তার আগে আমি মন্তব্য করতে চাইছি না। তবে আমি এই পদত্যাগপত্র সমাজমাধ্যমে আনিনি।'  

    সঙ্গেই বলছেন, 'আমি এই বিষয়ে বেশি কথা বলতে চাইছি না এখনও। তবে বলতে পারি, আমার কাছে সব প্রমাণ আছে। সুদীপ্ত সেনের লাল ডায়েরি হয়তো নেই। তবে জবাব রাখা আছে সব কিছুর।'

     
  • Link to this news (আজকাল)