• বিষ মাখানো খাবার খাইয়ে ১৫ পথ-কুকুরকে হত্যা
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: এলাকার  কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে নানা জায়গায়৷ প্রতিহিংসা না কি নিছক মজা? বছর খানেক আগেও এভাবে একাধিক কুকুরকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠেছিল দুর্গাপুর-আসানসোলে। এবার উত্তর ২৪ পরগণার বনগাঁ।  

    বনগাঁর নতুনগ্রামে ১৫ টি কুকুরকে একসঙ্গে বিষ খাইয়ে মেরে ফেলার ঘটনায় আবারও এই প্রশ্ন উঠছে। নৃশংসতার দাম দিতে হল নিরীহ কুকুরগুলিকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কুকুরগুলিকে  বিষাক্ত খাবার খাইয়ে মেরে ফেলা হয়েছে। বিষক্রিয়ায় ধুঁকছে এখনও একাধিক কুকুর। খবর প্রকাশ্যে আসতেই শোরগোল বনগাঁ নতুনগ্রাম এলাকায়।

    স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় বেশ কিছু কুকুর রয়েছে পাড়ার মধ্যে। যারা এদিক ওদিক ঘুরে বেড়ায় ৷ বাড়ির মালিকরা তাদের নিয়ম করে যে খাবার দেন সেই খাবারই তারা খায়। সম্প্রতি কয়েকটি কুকুর সন্তান জন্ম দিয়েছিল৷ রবিবার রাতে বাসিন্দারা দেখেন, রাস্তার পাশে একটি মুরগির খামার থেকে কিছুটা দূরে বেশ কিছু কুকুর মৃত অবস্থায় পড়ে আছে এবং কয়েকটি ছটফট করছে।

    স্থানীয় এক গৃহবধূ বলেন, রাতে কুকুরগুলি দেখলে ছুটে আসে ৷ ডাকাডাকি করে ছুটে না আশায় কাছে গিয়ে দেখলাম মৃত কুকুরের পাশে রান্না করা খাবার পড়ে রয়েছে৷ ঘটনা জানাজানি হতে এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়েন৷ তাঁরা আশপাশে খোঁজ নিয়ে দেখেন আরও বেশ কয়েকটি কুকুর মৃত অবস্থায় পড়ে রয়েছে। এরপর দলবেঁধে তাঁরা বনগাঁ থানায় এসে ঘটনার বিচার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। 

    খবর পেয়ে ওই এলাকায় যান বনগাঁ স্ট্রিট ডগ লাভার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।অ্যাসোসিয়েশন সদস্য তন্ময় দাস বলেন, প্রাথমিকভাবে আমরা যেটা বুঝতে পেরেছি কুকুরগুলিকে বিষ মাখানো খাবার খাওয়ানো হয়েছে ৷ ছোট ছোট বাচ্চা কুকুরগুলিও মারা গিয়েছে ৷ এখন পর্যন্ত ১৫টি মৃত কুকুর আমরা দেখতে পেয়েছি ৷ এভাবে অবলা জীবকে যারা হত্যা করল পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।

    কিন্তু কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত?  তা এখনও স্পষ্ট নয়। স্পষ্ট নয় এই জঘন্য অপরাধের উদ্দেশ্য! বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। মৃত কুকুরের দেহগুলি বনগাঁ পশু হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
  • Link to this news (আজকাল)