• ভ্যাকসিনও হার মানছে! কলকাতায় ভয়ংকর ভাইরাসের মরণ কামড়, হাসপাতালে শিশুদের ভিড়...
    ২৪ ঘন্টা | ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  • অয়ন শর্মা: শহরজুড়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে রোটা ভাইরাস। দক্ষিণ কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে গত এক সপ্তাহে রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জন শিশু ভর্তি হয়েছে। উদ্বেগের বিষয় হল, আক্রান্ত প্রতিটি শিশুই আগে থেকে রোটা ভাইরাসের টিকা নিয়েছিল। এই ঘটনায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসক থেকে শুরু করে অভিভাবকদের।

    হাসপাতাল সূত্রে খবর, গত ১০ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১১ জন শিশু রোটা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৮ জনের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আক্রান্ত শিশুদের বয়স দেড় বছর থেকে ১২ বছরের মধ্যে। আউটডোরেও প্রতিদিন পেটের সমস্যা নিয়ে আসা শিশুদের ভিড় বাড়ছে।

    যেখানে রোটা ভাইরাসের টিকা নেওয়া থাকলে সংক্রমণের ঝুঁকি প্রায় থাকে না বললেই চলে, সেখানে টিকা নেওয়া শিশুদের আক্রান্ত হওয়া নিয়ে উঠছে প্রশ্ন। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টিকা মূলত রোগের তীব্রতা কমায় এবং শিশুকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে। টিকার কার্যকারিতা সময়ের সঙ্গে কমলে বা ভাইরাসের কোনও নতুন স্ট্রেইন (রূপ) সক্রিয় হলে টিকা নেওয়া সত্ত্বেও শিশুরা আক্রান্ত হতে পারে।

    বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। তাঁদের মতে:

    জলের বিশুদ্ধতা: এই ভাইরাস মূলত জল ও খাবারের মাধ্যমে ছড়ায়। তাই জল ফুটিয়ে পান করা অত্যন্ত জরুরি।

    হাতে পরিষ্কার পরিচ্ছন্নতা: শিশুদের নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করাতে হবে।

    লক্ষণ দেখা দিলে দ্রুত পদক্ষেপ: বমি, পাতলা পটি বা জ্বর দেখা দিলেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে পর্যাপ্ত ORS খাওয়াতে হবে।

    হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ভাইরাসের প্রকৃত প্রকৃতি বুঝতে আক্রান্ত শিশুদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

     

  • Link to this news (২৪ ঘন্টা)