মুদির দোকানে সামান্য বিড়ি কেনাকে কেন্দ্র করে বিবাদের জেরে মৃত্যু এক ব্যক্তির। মৃতের নাম শ্রীমন্ত দলুই (৫২)। রবিবার ঘটনাটি ঘটেছে জয়পুর থানার তেলিবেড়িয়া গ্রামে। ঘটনায় অভিযুক্ত দোকানদার সাগর দলুইকে গ্রেপ্তার করেছে জয়পুর থানার পুলিশ।
সূত্রের খবর, রবিবার রাত ১০টা নাগাদ শ্রীমন্ত এলাকার মুদির দোকানে বিড়ি কিনতে যান। সেই সময়ে দোকান বন্ধ করছিলেন সাগর। তাই তিনি শ্রীমন্তকে বিড়ি দিতে অস্বীকার করেন। এই নিয়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চরম পর্যায়ে পৌঁছে গেলে শ্রীমন্তকে ব্যাপক মারধর করেন সাগর।
খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই আহত অবস্থায় শ্রীমন্তকে উদ্ধার করেন। এর পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রীমন্তকে আমতা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু, সোমবার রাতে ফের অসুস্থ হয়ে পড়েন শ্রীমন্ত। পরিবারের লোকজন তাঁকে পুনরায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শ্রীমন্তকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার সকালে খবর জানাজানি হতেই মৃতের পরিবারের লোকজন এবং স্থানীয়রা সাগরের দোকানের সামনে মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে অভিযুক্ত দোকানদারকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে। ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের লোকজন।