• বিধায়ক অশোক দিন্দাকে নোটিশ পুলিশের
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সম্পর্কে 'মাসোহারা' সংক্রান্ত মন্তব্যের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হতেই নড়েচড়ে বসে জেলা পুলিশ।

    ভিডিও ক্লিপে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে বলতে শোনা গিয়েছে, "মৎস্যজীবীদের কাছ থেকে দু তিনটে পুলিশ দাঁড়িয়ে থাকে মাসোহারা নেওয়ার জন্য।

    সেই টাকা থানায় ফিফটি পার্সেন্ট থেকে যায় আর ফিফটি পার্সেন্ট পুলিশ সুপারের কাছে যায়। সেখানে পুলিশ সুপারের কাছে ১৫-২০% থেকে যায়, বাকি ওই চলে যায় হরিশ মুখার্জী, কালীঘাট।"

    বিধায়কের এহেন উক্তির পরিপ্রেক্ষিতে জনমানসে পুলিশের গ্রহণযোগ্যতা নষ্ট হচ্ছে বলে মনে করছেন অনেকেই। পুলিশের দাবি, এই ধরনের মন্তব্যে বাহিনীর সম্মান ক্ষুণ্ণ হচ্ছে এবং এর ফলে মানুষের আস্থা নষ্ট হতে পারে।

    এই অভিযোগে ময়নার বিধায়ক অশোক দিন্দাকে ময়না থানার পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, বিধায়ক নোটিশ গ্রহণ করেছেন এবং নির্ধারিত দিনে থানায় হাজিরা দেওয়ার পরিবর্তে ব্যস্ততার কারণে তাঁর আইনজীবীর মাধ্যমে সময় চেয়েছেন। তবে এই বিষয়ে অশোক দিন্দা বা বিজেপির পক্ষ থেকে এখনও কিছু প্রতিক্রিয়া মেলেনি।
  • Link to this news (আজকাল)