আজকাল ওয়েবডেস্ক: বাম আমলের মন্ত্রী তথা আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে যোগ দিলেন বিজেপিতে। সল্টলেকের বিজেপি কার্যালয়ে ক্ষিতি-কন্যা কস্তুরী গোস্বামী পদ্ম পতাকা হাতে তুলে নেন। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন কস্তুরী গোস্বামী।
এছাড়াও মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়েছেন, প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, অবসরপ্রাপ্ত সিআরপিএফ কর্তা বিপ্লব বিশ্বাস ও শিল্পোদ্যোগী ড. অক্ষয় বিনজরাজকা।
উল্লেখ্য, কস্তুরীর দিদি বসুন্ধরা গোস্বামী গত পৌরসভা ভোটে আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। বর্তমানে বসুন্ধরা কলকাতা পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ২০১১ সালে রাজ্য়ে পালাবদল হয়। পশ্চিবঙ্গের কুর্সি দখন করে তৃণমূল কংগ্রেস। এরপর ২০১৪ সালে রাজ্য মহিলা কমিশনের শীর্ষপদাধিকারী হয়েছিলেন ক্ষিতি গোস্বামীর স্ত্রী সুনন্দা মুখার্জি। ২০১৯ সালে প্রয়াত হন আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী।
বাম আমলের মন্ত্রী ছিলেন ক্ষিতি গোস্বামী। এবার বামপন্থী এই নেতার দুই কন্যা দু'টি ভিন্ন রাজনৈতিক শিবিরে। বসুন্ধরা তৃণমূল, কস্তুরী বিজেপিতে।
আসন্ন বিধানসভা নির্বাচনে পদ্ম প্রতীকে কস্তুরি গোস্বামী প্রার্থী হবেন কিনা এখন তাই নিয়েই জল্পনা শুরু হয়েছে।