• মার্চে মোদী আসার আগেই বাংলাজুড়ে রথযাত্রা করবে BJP, ভোটে লাভ হবে?
    আজ তক | ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  • ভোটমুখী পশ্চিমবঙ্গে প্রচারে বড় চমক দিতে চাইছে বিজেপি। সূত্রের খবর, দক্ষিণবঙ্গের একাধিক সাংগঠনিক অঞ্চল থেকে ‘রথযাত্রা’ শুরু করার পরিকল্পনা নিয়েছে দল। মার্চের প্রথম সপ্তাহেই এই রথযাত্রা শুরু হতে পারে বলেই খবর।

    বিজেপি সূত্রের খবর, দোলযাত্রা ৩ মার্চ। তারপর থেকেই বিজেপি রাজ্য জুড়ে প্রচারের জন্য রথযাত্রা করার পরিকল্পনা করেছে। তার প্রস্তুতিও শুরু করেছে। প্রসঙ্গত, ১৯৯০ সালে  অযোধ্য়ায় বাবরি মসজিদের স্থানে রামমন্দির নির্মাণের দাবিতে‘রাম রথযাত্রা’ করেছিলেন লালকৃষ্ণ আডবাণী। এবার সেই রথযাত্রার পরিকল্পনা বাংলার ভোটেও নিয়েছে গেরুয়া শিবির।

    নির্বাচনকে মাথায় রেখে মার্চ মাসেই দক্ষিণবঙ্গ জুড়ে রথযাত্রা করার চিন্তা করছে বাংলার গেরুয়া শিবির। গত শনিবার দলের কৌশল, নির্বাচনী ভাবনা নিয়ে সল্টলেকের কার্যালয়ে বসেছিল কোর কমিটির বৈঠক। তাতেই সিলমোহর পড়েছে রথযাত্রার ভাবনায়। সূত্রের খবর, ২০১৯, ২০২১ এবং ২০২৪ সালে বাংলার যে সকল কেন্দ্রে ভালো ফল হয়েছিল বিজেপির। সেই সকল এলাকা হয়েই হতে পারে রথযাত্রা। সেক্ষেত্রে মোট ১৫০টি বিধানসভা কেন্দ্র নজরে রয়েছে গেরুয়া শিবিরের।

    উল্লেখ্য, বাংলার নির্বাচন একেবারে দোরগোড়ায়। মার্চ মাসের প্রথমেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, মার্চের মাঝামাঝি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি বিশাল সমাবেশের পরিকল্পনা করা হয়েছে, যেখানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্ভাব্য তারিখ হিসেবে ১৫ মার্চ বিবেচনা করা হচ্ছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। জানা যাচ্ছে বিজেপির এই রথযাত্রাগুলি শেষ পর্যন্ত কলকাতার ব্রিগেড সমাবেশে এসে মিলিত হবে।


     
  • Link to this news (আজ তক)