সাড়ে ১২ লক্ষ পড়ুয়াকে সবুজসাথী প্রকল্পে সাইকেল দেবে সরকার
দৈনিক স্টেটসম্যান | ১৭ ফেব্রুয়ারি ২০২৬
২০১৫-১৬ শিক্ষাবর্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন ‘সবুজসাথী’ প্রকল্প। প্রথম বছরে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ৪০ লক্ষ পড়ুয়াকে সাইকেল দেওয়া হয়েছিল। পরে নিয়মে কিছু বদল আনা হয়। নবম শ্রেণিতে উঠলেই ছাত্র-ছাত্রীরা এই সুবিধা পেতে শুরু করে। বর্তমানে প্রায় ৯ হাজার স্কুল এই প্রকল্পের আওতায় রয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ১২ লক্ষ ৩৪ হাজার পড়ুয়ার হাতে সাইকেল তুলে দেওয়া হয়। প্রশাসনের দাবি, ২০২৬ সালে সেই সংখ্যা বেড়ে প্রায় ১২ লক্ষ ৪৭ হাজারে পৌঁছতে পারে। অর্থাৎ, এ বছর সাড়ে ১২ লক্ষের কাছাকাছি ছাত্র-ছাত্রী ‘সবুজসাথী’ প্রকল্পের সুবিধা পেতে চলেছে। এখনও পর্যন্ত এক কোটি ৩৮ লক্ষেরও বেশি পড়ুয়া এই কর্মসূচির আওতায় এসেছে বলে জানা গিয়েছে।
রাজনৈতিক মহলের একাংশের ধারণা, মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। তার আগে জনমুখী প্রকল্পগুলির সুবিধা তৃণমূল স্তরে পৌঁছে দিতে তৎপর হয়েছে সরকার। স্কুলশিক্ষা, সংখ্যালঘু উন্নয়ন, অনগ্রসর শ্রেণিকল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তর যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। ভোটের মুখে সাইকেল বিতরণ নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকলেও সরকারের দাবি, পড়ুয়াদের স্কুলমুখী করা ও ড্রপআউট কমানোই এই প্রকল্পের মূল লক্ষ্য।