• গুরুতর অভিযোগ, নিউটাউন এলাকা থেকে গ্রেফতার হুমায়ূন কবীর...
    ২৪ ঘন্টা | ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  • নান্টু হাজরা: ভিসা পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা মামলায় পুলিসের জালে এক বাংলাদেশি ও রাজ্যের এক ব্যক্তি। বিভিন্ন দেশে ভিসা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল। শুধু তাই নয়, তাদের আটকে রেখে টাকা আদায় করা হচ্ছিল। এমনই অভিযোগে, ২ জনকে গ্রেফতার করল নিউটাউন টেকনো সিটি থানার পুলিস। ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হচ্ছে। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। নাম হুমায়ূন কবীর।

    পুলিস সূত্রে খবর, সোমবার রাতে টেকনোসিটি থানার কাছে খবর আসে, বালিগরি এলাকায় একটি ফ্ল্যাটে ২ বাংলাদেশি নাগরিককে আটকে রাখা হয়েছে। খবর পেয়েই দৌড়য় পুলিস। ফ্ল্যাট থেকে ২ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে। পাশাপাশি গ্রেফতার করা হয় ২ জনকে। 

    ধৃতদের নাম অচিন্ত্য কুমার পাল। সে নদীয়ার মাজদিয়ার বাসিন্দা। অন্যজনের নাম হুমায়ূন কবীর। তার বাড়ি বাংলাদেশের নেত্রকোনায়। একজন বাংলাদেশি ভারতে ঘাঁটি গেড়ে কীভাবে এমন কাজকর্ম চালাচ্ছিল তা দেখে অবাক পুলিস।

    দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিস তাজ্জব। পুলিসের কাছে ওই দুজন স্বীকার করেছে বাংলাদেশ থেকে যারা মেডিকেল ভিসাতে ভারতে আসত তাদেরই টার্গেট করত তারা। তাদের বিভিন্ন দেশে যাওয়ার প্রয়োজন হলে তাদের এরা ফাঁদে ফেলত। তাদের বোঝাত, বিদেশের বিভিন্ন দেশের ভিসার ব্যবস্থা তারা করে দেবে। এর পরই শুরু হত খেলা। ফাঁদে পড়া বাংলাদেশিদের ভিসা করিয়ে দেওয়ার আছিলায় তাদের আটকে রেখে মোটা টাকা ডিমান্ড করত।

    যে দুজনকে ফ্ল্যাটে আটকে রাখা হয়েছিল তাদের তুরস্কে যাওয়ার ভিসার প্রয়োজন ছিল। সেই ভিসা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়েই ওই দুই বাংলাদেশিকে ডেকে পাঠানো হয়েছিল। পুলিস ধৃত দুজনকে আজ বারাসত আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবাদেন জানাবে। ওই ভিসা চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিস।

  • Link to this news (২৪ ঘন্টা)