• বেকবাগানের শপিং মলে বেআইনি বিজ্ঞাপন, ভেঙে দিল পুরসভা
    বর্তমান | ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনি হোর্ডিং ও বিজ্ঞাপনি কাঠামো নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা পুরসভা। সোমবার রাতে পার্ক সার্কাসের একটি শপিং মলে থাকা অবৈধ বিজ্ঞাপনি কাঠামো ভেঙে ফেলা হয়েছে। এর আগেও শহরের বিভিন্ন জায়গায় একই কাজ করেছে পুরসভার বিজ্ঞাপন বিভাগ। কিন্তু এভাবে কোনো শপিং মল কর্তৃপক্ষের বিজ্ঞাপনের কাঠামো ভেঙে ফেলার ঘটনা নজিরবিহীন বলেই মত সংশ্লিষ্ট মহলের।

    পার্ক সার্কাসের বেকবাগানে রয়েছে শহরের অন্যতম একটি অভিজাত শপিং মল। কয়েক মাস আগে মল কর্তৃপক্ষ নিজেদের সীমানার মধ্যে বিজ্ঞাপন দেওয়ার জন্য বেশ কয়েকটি কাঠামো তৈরি করে। সেখানে রীতিমতো বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল। পুরসভার বিজ্ঞাপন বিভাগ সূত্রে খবর, কোনোরকম অনুমতি না নিয়ে এই কাঠামো বানানো হয়েছিল। মোট ২১টি স্ট্রাকচার তৈরি করা হয়। একাধিকবার মল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও তারা কর্ণপাত করেনি বলে অভিযোগ।
    মঙ্গলবার পুরসভার বাজেট অধিবেশনের শেষ দিনের আলোচনায় বিরোধী কাউন্সিলারদের তরফে বেআইনি বিজ্ঞাপন নিয়ে অভিযোগ তোলা হয়। যার প্রেক্ষিতে শপিং মলের এই তথ্য দিয়ে বিজ্ঞাপন বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, ‘বেকবাগানের মতো জায়গায় অভিজাত মল কর্তৃপক্ষকে আমরা রেয়াত করিনি। পুরসভার বিজ্ঞাপন নীতি ওরা অমান্য করেছিল। আমরা কাঠামো ভেঙে দিয়েছি।’

    বিজ্ঞাপন বিভাগের এক আধিকারিক বলেন, ‘ওদের বারবার চিঠি দেওয়া হয়েছে। পুরসভাকে জরিমানা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ করেনি। তাই বাধ্য হয়ে সেগুলি ভেঙে ফেলতে হল। আমরা ১৬টি কাঠামো ভেঙেছি। বাকিগুলি ভাঙার জন্য ফের ওদের নোটিস করা হয়েছে। ওরা না ভাঙলে আমরা আবার ভেঙে দেব।’
  • Link to this news (বর্তমান)