• পিচের ড্রামে বিস্ফোরণ, ভাঙড়ে জখম চার শিশু, আজ ঘটনাস্থলে ফরেনসিক টিম
    বর্তমান | ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ের খড়গাছি এলাকায় ভয়াবহ বিস্ফোরণে জখম হল চার শিশু। মঙ্গলবার ভরসন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। জখমদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। একজনকে প্রাথমিক চিকিৎসার পর নলমুড়ি গ্রামীণ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও বাকিদের কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে ভরতি করা হয়েছে।

    প্রাথমিক তদন্তে ভাঙড় থানার পুলিশ জানতে পেরেছে, রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ চলার সময় একটি ড্রামে আচমকা বিস্ফোরণ হয়। ঘটনাচক্রে সেখানে খেলছিল আট থেকে দশ বছরের কয়েকজন শিশু। বিস্ফোরণের ফলে তারা অগ্নিদগ্ধ হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিস্ফোরণের পর আগুনের তাপ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দেয় এক শিশু।

    বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ফোনে ডিসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ওই ড্রামে ঠিক কি ধরনের রাসায়নিক ছিল, তা এখনও পরিষ্কার নয়। আমরা ফরেন্সিক বিশেষজ্ঞদের তলব করেছি। কাল তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করবেন। রিপোর্ট পেলেই বিস্ফোরণের কারণ জানা যাবে।’

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই ঘটকপুর থেকে মধ্য খড়গাছি— প্রায় সাত কিমি রাস্তা পিচ করা হচ্ছিল। ফলে রাস্তার পাশেই পিচের ড্রাম রাখা ছিল। সেই ড্রামগুলির একটি আচমকা বিকট শব্দে ফেটে যায়। খড়গাছির মতো জনবহুল রাস্তায় কোনো সতর্কতামূলক ব্যবস্থা ছাড়া দাহ্য পদার্থ কেন রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
  • Link to this news (বর্তমান)