ভাঙড়ে ভয়াবহ বিস্ফোরণ, রক্তাক্ত ৪ শিশু, ১ জনের অবস্থা আশঙ্কাজনক
আজ তক | ১৮ ফেব্রুয়ারি ২০২৬
আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল ভাঙড়। মঙ্গলবার রাতে এই বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিস্ফোরণের জেরে জখম হয়েছে ৪ জন শিশু। এদের মধ্যে কমপক্ষে একজনের অবস্থা গুরুতর।
জানা গিয়েছে, ভাঙরের খড়গাছি-চাঁদপুর এলাকায় পিচ রাস্তা মেরামতির কাজ চলছিল। রাস্তার পাশেই রাখা ছিল লাইট ডিজেল অয়েল ভর্তি একটি ড্রাম। মূলত এই লাইট ডিজেল অয়েল দিয়েই রাস্তার পিচ ও অ্যাসফাল্টকে গলিয়ে দেওয়া হয়। কিন্তু কোনও ভাবে এই ড্রামে আগুন লেগে যেতেই বিপদ ঘটে যায়।
রাস্তার পাশেই খেলা করছিল সামিউল মোল্লা, রায়হান মোল্লা, রিয়াজ হাসান মোল্লা ও সাদিকুল মোল্লা নামে চার শিশু। তাদের প্রত্যেকের বয়সই ৮ থেকে ১০ -এর মধ্যে। ড্রামটিতে আগুন লাগার জেরে আচমকাই সেটিতে বিস্ফোরণ ঘটে। দাহ্য পদার্থ জ্বলন্ত অবস্থায় এসে পড়ে শিশুদেরই উপরে। ঘটনাস্থলেই তারা মাটিতে শুয়ে পড়ে। যদিও স্থানীয় সূত্রে খবর, একটি শিশু তীব্র জ্বালা থেকে বাঁচতে পুকুরেও লাফিয়ে পড়েছিল। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। প্রথমে সব শিশুদেরকেই নলমুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ৩ জন গুরুতর জখম শিশুকে দ্রুত পাঠানো হয় কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
অন্যদিকে, বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন ভাঙড় ডিভিশনের ডেপুটি কমিশনার সৈকত ঘোষ। হাজির হন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাও। কলকাতা পুলিশের বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াডও চলে আসে ঘটনাস্থলে। পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।
ঘটনার পর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। রাস্তায় বিপজ্জনক কেমিক্যাল ড্রাম খোলা অবস্থায় কেন রাখা হয়েছিল? কী ভাবে তাতে আগুন লেগে গেল? তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।