• চলন্ত বাইকের উপর মৃত্যুদূতের উপর হামলে পড়ল... দুই ব্যবসায়ীকে ছিঁড়েখুঁড়ে...
    ২৪ ঘন্টা | ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  • অরূপ বসাক: রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথে চলন্ত বাইকের উপর আচমকা চিতাবাঘের ঝাঁপ। ভয়াবহ সেই ঘটনায় গুরুতর জখম হলেন দুই মাছ ব্যবসায়ী।  রাত প্রায় নটা নাগাদ মাল ব্লকের ডামডিম স্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামবাবু শা (৪০) ও শিবেন বর্মন (৫২) নামে দুই মাছ ব্যবসায়ী  বেইতগুড়ি চা বাগানে মাছ বিক্রি করতে গিয়েছিলেন। বিক্রি সেরে রাতে তাঁরা বাইকে চেপে ডামডিম স্টেশন এলাকার দিকে ফিরছিলেন। অভিযোগ, অঞ্চল অফিস ও স্থানীয় লাইব্রেরির মাঝামাঝি জায়গায় পৌঁছতেই রাস্তার ধার ঘেঁষে থাকা ঝোপঝাড়ের আড়াল থেকে একটি  চিতাবাঘ আচমকা বাইকের উপর ঝাঁপিয়ে পড়ে।

    হঠাৎ আক্রমণে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার মাঝখানে ছিটকে পড়ে যায়। দু’জন আরোহীই রাস্তায় পড়ে গিয়ে জখম হন। তাঁদের চিৎকার ও বাইকের শব্দে চিতাবাঘটি কিছুক্ষণ তৎপর থাকলেও পরে দ্রুত পাশের চা বাগানের ভিতরে ঢুকে যায় বলে স্থানীয়দের দাবি। ঘটনার পর আশপাশের বাসিন্দারা ছুটে এসে আহত দুই ব্যবসায়ীকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং পরে তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ফিরে যায়। 

    আহত রামবাবু শা বলেন, 'আমরা প্রতিদিনের মতোই ফিরছিলাম। আচমকা কিছু বুঝে ওঠার আগেই চিতাবাঘটি আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমরা রাস্তায় ছিটকে পড়ি। খুব ভয় পেয়ে গিয়েছিলাম।' স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ওই এলাকার একদিকে গুডহোপ চা বাগান এবং অন্যদিকে বেতবাড়ি চা বাগান রয়েছে। দুটি চা বাগানের মাঝখান দিয়ে সংযোগকারী রাস্তা হওয়ায় প্রায়ই বন্যপ্রাণীদের চলাচল দেখা যায়। বিশেষ করে সন্ধ্যা ও রাতের দিকে চিতাবাঘ রাস্তা পারাপার করে এক দিক থেকে অন্য দিকে যায় বলে অভিযোগ। ঘটনার জেরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  বনদপ্তরের তরফে এলাকায় নজরদারি বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।

     

  • Link to this news (২৪ ঘন্টা)