• দলকে জিতিয়ে আপ্লুত ইউসেফ, ক্লাব ইতিহাসে সাত হাজারতম গোল স্প্যানিশ স্ট্রাইকারের
    বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলে অভিষেকেই নায়ক ইউসেফ এজেজ্জারি। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে স্প্যানিশ স্ট্রাইকারের জোড়া গোলের সুবাদে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার জয় দিয়ে অভিযান শুরু করল ইস্ট বেঙ্গল। মরশুমের শুরু থেকেই লাল-হলুদে যোগ্য স্ট্রাইকারের অভাব বারবার দেখা দিয়েছিল। দিমিত্রি দিয়ামানতাকোসকে ছাঁটাই করে প্রথমে হামিদ আহদাদ ও পরবর্তী সময়ে হিরোশি ইবুসুকিকে সই করায় লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। তবে তাঁরা কেউই ভরসা জোগাতে পারেননি। তাই আইএসএলের আগে এই দু’জনকে ফের ছাঁটাই করে দল। আর অভিষেকেই সমর্থকদের মন জয় করলেন ইউসেফ এজেজ্জারি। স্প্যানিশ স্ট্রাইকারও দলকে জিতিয়ে আপ্লুত। তিনি বলেন, ‘এই তিন পয়েন্ট খুবই মূল্যবান। যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ। আগামী দিনেও এই ছন্দ বজায় রাখতে হবে।’

    এবার লিগ মাত্র ১৩টি ম্যাচের। ফলে প্রথম ম্যাচের জয় অবশ্যই দলের আত্মবিশ্বাস বাড়াবে। উল্লেখ্য, গত পাঁচ মরশুমে কখনও গ্রুপ পর্বের গণ্ডি টপকাতে পারেনি ইস্ট বেঙ্গল। এবার অবশ্য অস্কার ব্রুজোঁর দল স্বপ্ন দেখাচ্ছে। দলের নবাগত সদস্যও সেই আশায় বুক বাঁধছেন। তবে এখনই বেশি দূরের কথা ভাবতে নারাজ ইউসেফ। তাঁর সংযোজন, ‘সবে লিগ শুরু। এখনও অনেক পথ বাকি। তাই বেশি দূরের কথা না ভেবে ম্যাচ প্রতি এগতে চাই।’ উল্লেখ্য, সোমবার নর্থ ইস্টের বিরুদ্ধে জাল কাঁপানোর সুবাদে ইস্ট বেঙ্গল ক্লাব ইতিহাসে সাত হাজারতম গোলটি করলেন এজেজ্জারি।

    ইউসেফকে প্রশংসায় ভরালেন কোচ অস্কারও। লাল-হলুদ কোচ স্বীকার করে নেন, গত কয়েক মরশুম ধরেই এমনই একজন স্ট্রাইকারের খোঁজে ছিল দল। একইসঙ্গে তিনি জানান, তাঁর প্রাথমিক লক্ষ্য লিগ টেবিলে ৯ নম্বর স্থান ছেড়ে উপরের দিকে শেষ করা। তারপর খেতাব নিয়ে স্বপ্ন দেখবেন। অস্কার বলেন, ‘আইএসএলে এখনও পর্যন্ত দল ৯ নম্বরের গণ্ডি টপকাতে পারেনি। তাই আমার প্রথম লক্ষ্য ফিফা উইন্ডো বিরতির আগে টেবিলের প্রথম হাফে থাকা। তাহলেই আমরা পরের ধাপে দেশের সেরা দলগুলির সঙ্গে খেতাবি লড়াইয়ে ঝাঁপাতে পারব।’
  • Link to this news (বর্তমান)