এবার কৃষিকাজে যুক্ত ভূমিহীন চাষিদেরও আর্থিক অনুদান
বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরে সরকারি আর্থিক অনুদান পেতে ভূমিহীনদের আবেদনের হিড়িক পড়েছে। প্রতি শিবিরে গড়ে ৪০০ করে আবেদন জমা পড়েছে। কৃষকবন্ধু প্রকল্পে আর্থিক অনুদান দিয়ে রাজ্যের চাষিদের মন আগেই জয় করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার কৃষিকাজে যুক্ত ভূমিহীন শ্রমিকদেরও আর্থিক অনুদান ঘোষণা করা হয়েছে। যা ছাব্বিশের নির্বাচনের আগে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও তৃণমূলের দাবি, নির্বাচন নয় মুখ্যমন্ত্রী সবসময় সাধারণ মানুষের কথা ভাবেন। তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, কেন্দ্রীয় সরকারের বাজেট দিশাহীন। তাতে কৃষি, বেকার যুবক-যুবতী সহ সাধারণ মানুষের জন্য কিছু নেই। কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী ভূমিহীন কৃষকদের নিয়েও ভাবেন। অন্যের জমিতে যাঁরা কাজ করেন, তাঁদেরও অনুদানের ব্যবস্থা করা হয়েছে। যুবসাথী প্রকল্পেও ভালো সাড়া পড়েছে। কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, অন্তর্বর্তী বাজেট ঘোষণা অনুসারে ভূমিহীন খেতমজুররা বছরে ৪ হাজার টাকা আর্থিক অনুদান পাবেন। তার আবেদন শুরু হয়েছে। ইসলামপুর মহকুমা সহ কৃষি অধিকর্তা (প্রশাসন) মহফুজ আহমেদ বলেন, ব্লক ও পুরসভা মিলে মোট ৭ টি শিবির হয়েছে। প্রত্যেক শিবিরে গড়ে ৪০০ টি করে আবেদন জমা পড়েছে। ২৬ তারিখ পর্যন্ত শিবির চলবে।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গিয়েছে, আবেদন করতে আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স (জনধন অ্যাকাউন্ট চলবে না), খেতমজুর সংক্রান্ত স্ব-ঘোষণা পত্র এবং আধার তথ্য ব্যবহারের সম্মতিপত্র জমা করতে হবে।
গোবিন্দপুরের আকবর নুর এদিন ইসলামপুর কোর্ট ময়দানের শিবির থেকে ফর্ম তুলেছেন। তিনি বলেন, আমাদের মতো ভূমিহীনদের কথাও মুখ্যমন্ত্রী ভেবেছেন। এতে আমরা খুব খুশি।