• হালকা জ্বর, পেটব্যথা ও বমি...কয়েক ঘণ্টায় সব শেষ! ৩ সপ্তাহে ৭ রহস্যমৃত্যু, আতঙ্কে কাঁপছে এই গ্রাম
    এই সময় | ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  • প্রথমে হালকা জ্বর, পেটব্যথা ও বমি। তার পরে আচমকা লিভার বিকল! মৃত্যুর কোলে ঢলে পড়ছে একের পর এক শিশু। গত তিন সপ্তাহের মধ্যে এমন এক ‘অজানা’ রোগের বলি হয়েছে অন্তত ৭ জন। আর এই রহস্যময় মৃত্যুমিছিলে কার্যত দিশেহারা হরিয়ানার পালওয়াল জেলার ছায়াসা গ্রাম। রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা।

    রোগীদের প্রথমে জ্বর ও প্রচণ্ড পেটব্যথা শুরু হচ্ছে।

    এর পরেই শুরু হচ্ছে ক্রমাগত বমি এবং কারও কারও ক্ষেত্রে খিঁচুনি।

    হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা জানাচ্ছেন রোগীর লিভার কাজ করা বন্ধ করে দিয়েছে।

    এখনও পর্যন্ত এই একের পর এক রহস্যময় মৃত্যুর কোনও সঠিক কারণ পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, এলাকার দূষিত পানীয় জল অথবা হাতুড়ে চিকিৎসকদের ব্যবহৃত সংক্রমিত ইনজেকশনের কারণেই কোনও ভাবে এই অজানা রোগ ছড়াচ্ছে। অন্যদিকে, স্বাস্থ্য দপ্তরের নোডাল অফিসার বাসুদেব গুপ্তা জানিয়েছেন, মৃতদের মধ্যে অন্তত ৩-৪ জনের শরীরে ‘হেপাটাইটিস বি’ (Hepatitis B)-এর হদিস মিলেছে।

    গত ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মৃত্যুমিছিলে ৫ বছরের শিশু থেকে শুরু করে ৬০ বছরের বৃদ্ধাও রয়েছেন। তবে মৃতদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। রোগ ধরা পড়ার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই মৃত্যু হচ্ছে অধিকাংশের। এই মুহূর্তে গ্রামে পানীয় জল ব্যবহার করতেও ভয় পাচ্ছেন বাসিন্দারা। স্বাস্থ্য দপ্তরের দল গ্রামে গিয়ে জলের নমুনা সংগ্রহ করেছে। তবে সেই নমুনা পরীক্ষার রিপোর্ট কবে আসবে, তা স্পষ্ট নয়। কবে এই দুঃস্বপ্ন কাটবে, আপাতত তারই প্রহর গুনছেন আতঙ্কিত গ্রামবাসীরা।

  • Link to this news (এই সময়)