• ভিন রাজ্যে সহকর্মীর হাতেই মৃত্যু হলো পরিযায়ী শ্রমিকের, কারণ নিয়ে বাড়ছে রহস্য
    এই সময় | ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  • ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলার এক পরিযায়ী শ্রমিককে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। মঙ্গলবার দুপুরে ওই পরিযায়ীর দেহ বাড়িতে এসে পৌঁছলে ঘটনাটি প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, ওই শ্রমিকের নাম অনিলকুমার মণ্ডল (৩৫)। নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তিনি। এই ঘটনায় অভিযোগের তির অনিলের সহকর্মী স্বরূপ রায়ের দিকে।

    স্থানীয় সূত্রে খবর, পরিযায়ী শ্রমিকের কাজের জন্য কয়েক মাস আগে বেঙ্গালুরুতে গিয়েছিলেন অনিল। তাঁর সঙ্গে একই গ্রামের বাসিন্দা স্বরূপও কাজে গিয়েছিলেন। অনিলের স্ত্রী এবং ছেলেও তাঁর সঙ্গেই বেঙ্গালুরুতে থাকতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার তাঁরা একসঙ্গে খেলা দেখছিলেন। সেই সময়েই এই ঘটনা ঘটে। যদিও কী কারণে খুন করা হলো অনিলকে তা স্পষ্ট নয়।

    পরিবারের সদস্যদের দাবি, ঘটনার সময়ে তাঁরা বাড়িতে ছিলেন না। সেই সুযোগেই পরিকল্পনামাফিক খুন করা হয়েছে অনিলকে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে বেঙ্গালুরুর পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের অনুমান, ধারালো অস্ত্রের সাহায্যে কুপিয়ে খুন করা হয়েছে তাঁকে।

    মঙ্গলবার দুপুরে অনিলের দেহ বাড়িতে ফিরেছে। কী কারণে খুন করা হলো অনিলকে তার সঠিক কোনও কারণ জানা নেই পরিবারের। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে পরিবার।

  • Link to this news (এই সময়)