• ‘নিজেদের নয় এমন জিনিস...’, AI সামিটে চিনা রোবট বিতর্কে কড়া কেন্দ্র, যত দোষ অধ্যাপিকার?
    এই সময় | ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  • ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ (India AI Impact Summit 2026)-এ গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের (Galgotias University) চিনা ‘রোবোডগ’ (Robodog) প্রদর্শন ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার কড়া পদক্ষেপ কেন্দ্রের। প্রদর্শকদের উদ্দেশে সরকারের কড়া বার্তা, নিজেদের তৈরি নয় এমন কোনও প্রযুক্তি বা সামগ্রী এই ধরনের হাই-প্রোফাইল প্রদর্শনীতে রাখা যাবে না। ইতিমধ্যেই আয়োজকদের তরফে গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়কে তাদের স্টল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    বিতর্কের সূত্রপাত হওয়ার পরেই আইটি সচিব এস কৃষ্ণান কড়া ভাষায় বলেছেন, ‘প্রদর্শকরা নিজেদের নয় এমন কিছু দেখাক, তা সরকার চায় না। আমরা চাই না এমন কোনও সংস্থা এখানে থাকুক, যাদের প্রদর্শিত জিনিস নিয়ে মানুষের মনে বিভ্রান্তি তৈরি হয়।’

    তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিব অভিষেক সিং জানিয়েছেন, উদ্ভাবনকে বাধা দেওয়া সরকারের উদ্দেশ্য নয়, তবে তা যেন বিভ্রান্তিকর না হয়। তিনি বলেন, ‘এই একটি বিতর্কের কারণে অন্যান্য অংশগ্রহণকারীদের আসল পরিশ্রম যেন ঢাকা পড়ে না যায়।’

    চরম বিতর্কের মুখে পড়ে আত্মপক্ষ সমর্থনে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের দাবি, তারা কখনই ওই রোবটটি নিজেদের তৈরি বলে দাবি করেনি। তবে তারা এই গোটা বিতর্কের দায় চাপিয়েছে ভাইরাল হওয়া ভিডিয়োতে থাকা তাদেরই অধ্যাপিকা নেহা সিংয়ের উপরে।

    সোশ্যাল মিডিয়ায় তারা লিখেছে, ‘সামিটে বিভ্রান্তি ছড়ানোর জন্য গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয় ক্ষমাপ্রার্থী। আমাদের যে প্রতিনিধি প্যাভিলিয়নের দায়িত্বে ছিলেন, তিনি সঠিক তথ্য জানতেন না। রোবটটির প্রযুক্তিগত উৎস সম্পর্কেও তাঁর কোনও ধারণা ছিল না। ক্যামেরার সামনে আসার অতি উৎসাহে তিনি এমন কিছু ভুল তথ্য দিয়ে ফেলেছেন, যা বলার কোনও অধিকার তাঁর ছিল না।’

    আয়োজকদের অনুভূতির কথা মাথায় রেখে তারা ইতিমধ্যেই প্রদর্শনী চত্বর ছেড়ে দিয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

    গ্যালগোটিয়াসের রেজিস্ট্রার নিতিন কুমার গৌর সংবাদমাধ্যমকে বলেছেন, ‘স্টল ছাড়ার বিষয়ে এখনও কোনও সরকারি নির্দেশিকা আমরা হাতে পাইনি। তবে রোবটটি একটি ভারতীয় সংস্থার থেকেই কেনা হয়েছিল। হতে পারে তারা সেটি চিন থেকে আমদানি করেছে।’

    তাঁর আরও ব্যাখ্যা, ‘আসলে Developed (তৈরি করা) এবং Development (উন্নয়ন)-এর মধ্যে একটি বড় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। আমরা রোবটটি পড়ুয়াদের গবেষণার কাজে (development) ব্যবহার করছি। গ্লোবাল টুলস ব্যবহার করে পড়ুয়াদের AI প্রোগ্রামিং শেখানো এবং রিয়েল ওয়ার্ল্ড স্কিল শেখানোই এর একমাত্র উদ্দেশ্য।’

    এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরাও। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই এআই সামিটকে ‘অগোছালো পিআর চমক’ বলে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, এখানে চিনা পণ্যের পাশে ভারতীয় ডেটা প্রদর্শন করা হচ্ছে। অন্যদিকে, শিবসেনা (উদ্ধব ঠাকরে) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী এই ঘটনাকে ‘দেশের সম্মানহানি’ বলে মন্তব্য করেছেন। এই বিতর্কের জল আর কতদূর গড়ায়, এখন সেটাই দেখার।

  • Link to this news (এই সময়)