আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে আসন্ন বিধানসভা ভোট। খুব সম্ভবত এপ্রিলেই শুরু হবে ভোট। তার আগেই আর এক ভোটের দামামা বাজল।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের পাঁচ জন রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। প্রায় ওই সময়েই খালি হতে চলেছে ১০টি রাজ্যের মোট ৩৭টি আসন। এই পরিস্থিতিতে ওই আসনগুলিতে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গের ওই পাঁচ আসন–সহ দেশের মোট ৩৭টি রাজ্যসভার আসনে ভোট হবে। ওইদিনই বিকেল ৫টায় হবে নির্বাচনের ফলাফল ঘোষণা।
রাজ্যসভার ভোট নিয়ে বুধবার সকালে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজ্যসভার ৩৭টি আসনে নির্বাচনের জন্য ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ৫ মার্চ। মনোনয়নপত্র যাচাই করা হবে ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ মার্চ। তবে একটি আসনের জন্য যদি এক জনই মনোনয়ন জমা দেন সেক্ষেত্রে নির্বাচনের দরকার হবে না।
জানা গেছে, পশ্চিমবঙ্গের পাঁচটি আসন ছাড়াও মহারাষ্ট্রের সাতটি, ওড়িশার চারটি, তামিলনাড়ুর ছ’টি, অসমের তিনটি, বিহারের পাঁচটি, ছত্তিশগড়ের দু’টি, হরিয়ানার দু’টি, হিমাচল প্রদেশের একটি এবং তেলঙ্গানার দু’টি রাজ্যসভা আসনে নির্বাচন হবে আগামী ১৬ মার্চ।
এটা ঘটনা, আগেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া মৌসম বেনজির নূর। মৌসম ছাড়া তৃণমূলের তিন রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সীর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। একই দিনে ছ’বছরের মেয়াদ শেষ করবেন সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য। এই পাঁচ আসনেই নির্বাচন হবে আগামী ১৬ মার্চ।