আজকাল ওয়েবডেস্ক: ফের লাইনচ্যুত হল লোকাল ট্রেন। বুধবার শালিমার স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয় একটি লোকাল ট্রেন। রেল সূত্রে খবর, সাঁতরাগাছি থেকে শালিমার যাওয়ার সময় তিন নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত হয় ওই লোকাল ট্রেনের একটি কামরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে তিন নম্বর প্লাটফর্মে আপাতত ট্রেন চলছে না।
দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনটিতে কোনও যাত্রী ছিলেন না। ফলে কেউ হতাহত হননি। ইতিমধ্যে লাইনচ্যুত কামরাটি উদ্ধারের কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন রেলের ইঞ্জিনিয়াররা। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই ওড়িশার জাজপুর জেলার জাখাপুরা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছিল চেন্নাই সেন্ট্রাল–নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসের দু’টি অসংরক্ষিত ও একটি এসি কামরা। তিনটি কামরাতে প্রায় চারশো যাত্রী ছিলেন। এর মধ্যে দু’টি অসংরক্ষিত কামরায় বাংলার পরিযায়ী শ্রমিকদের সংখ্যাই ছিল বেশি। চেন্নাই থেকে বাড়ি ফিরছিলেন তাঁরা। দুর্ঘটনায় বেশ কিছু যাত্রী আহত হয়েছিলেন।
জানা গিয়েছে, কামরাটি ঘসতে ঘসতে এগিয়ে যাওয়ায় ভেঙে যায় প্লাটফর্মের একটা অংশ। স্বাভাবিকভাবেই স্টেশনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা ছুটোছুটি শুরু করেন। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে রেল।