• মাঝ সমুদ্রে নিখোঁজ মার্চেন্ট নেভি অফিসার
    এই সময় | ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়, অশোকনগর: আটলান্টিক মহাসাগর (Atlantic Sea) ধরে ইউরোপ থেকে আমেরিকা যাওয়ার পথে মাঝসমুদ্র থেকেই নিখোঁজ হয়ে গেলেন পেশায় বেসরকারি সংস্থার মার্চেন্ট নেভি অফিসার (Marchent Navy Officer) শ্রীকৃষ্ণ সরকার (৪৫)। মঙ্গলবার রাতে ওই বেসরকারি সংস্থার কাছ থেকে বিষয়টি জানার পরেই দুশ্চিন্তায় পড়েছেন পরিবারের লোকজন। সংস্থার কাছ থেকে পরিবার জানতে পারে, কোনও ভাবে অসাবধানে সমুদ্রে পড়ে গিয়েছেন (Fell Into Sea) শ্রীকৃষ্ণ।

    অশোকনগরের কাকপুলে বাড়ি শ্রীকৃষ্ণের। বহু বছর ধরেই তিনি একটি বেসরকারি সংস্থায় মার্চেন্ট নেভি অফিসার পদে চাকরি করেন। দু’দিন আগেই ছেলের জন্মদিনের অনুষ্ঠান ছিল অশোকনগরের বাড়িতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, আটলান্টিক মহাসাগর ধরে এ বার তিনি আমেরিকা (Usa) যাচ্ছিলেন। গত ১৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২ টায় ভিডিয়ো কল করে ছেলের জন্মদিনের কেক কাটা দেখেছিলেন শ্রীকৃষ্ণ। কথা দিয়েছিলেন, কাজ শেষ করে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ফের পরিবারের সঙ্গে যোগাযোগ করার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই মঙ্গলবার সন্ধ্যায় ওই বেসরকারি সংস্থার কাছ থেকে পাওয়া খবরে এখন আতান্তরে পড়েছেন শ্রীকৃষ্ণের স্ত্রী ও পরিবারের লোকজন। কান্নার রোল উঠেছে অশোকনগরের বাড়িতে।

    শ্রীকৃষ্ণ সরকারের এক আত্মীয় বলেন, ‘জাহাজের সিসিটিভি (CCTV) ক্যামেরার ফুটেজ দেখে ওই সময়ে কী হয়েছিল, সেটা আমাদের জানানোর কথা বলেছি। অন্যান্য কর্মীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।’

  • Link to this news (এই সময়)