• মর্গে মায়ের দেহ, কান্না চেপে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিলকিস
    এই সময় | ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  • পরীক্ষার আগের দিন রাতে মা মারা গিয়েছেন। হাসপাতালের মর্গে রাখা দেহ। মাকে হারানোর শোক বুকে নিয়েই বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসলেন ছাত্রী। মেদিনীপুরের ওই ছাত্রীর নাম বিলকিস খাতুন, বাড়ি মিঞাবাজার এলাকায়। বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের ছাত্রী বিলকিস। তার পরীক্ষাকেন্দ্র পড়েছে মেদিনীপুর শহরের মিশন গার্লস হাইস্কুলে।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বিলকিসের মা বছর তেতাল্লিশের সুলতানা বেগম, একাধিক শারীরিক সমস্যা ছিল ওই মহিলার। বুধবার সন্ধ্যায় অসুস্থতা বাড়ে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন বাড়ির লোকেরা। কিন্তু, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর কারণ জানতে বৃহস্পতিবার ময়না তদন্ত করানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

    বিলকিস উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, কলা বিভাগের ছাত্রী। তার দিদি কলেজে পড়েন। মায়ের মৃত্যু সংবাদে ভেঙে পড়েন বিলকিস। কিন্তু পরিবারের সকলে এবং বিদ্যালয়ের শিক্ষিকারা ওই ছাত্রীকে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন। কষ্ট চেপেই বৃহস্পতিবার সংস্কৃত পরীক্ষা দেন বিলকিস। তার মায়ের দেহ তখন মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গে। পরীক্ষার পরে হাসপাতালে পৌঁছন ওই ছাত্রী।

    বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘স্কুলের এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মা অসুস্থতার কারণে মারা যান। বিষয়টি জানতে পেরে ওই ছাত্রী যাতে স্বাভাবিক ভাবে পরীক্ষা দিতে পারে সেই উদ্যোগ নেওয়া হয়। এ দিন পরীক্ষা দিয়েছে ওই ছাত্রী।’ সংসদের জেলা মনিটরিং কমিটির যুগ্ম আহ্বায়ক রামজীবন মান্ডি বলেন, ‘আমরা ওর পাশে আছি।’

    অন্যদিকে, এ দিন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে ঘাটালে উল্টে যায় পরীক্ষার্থীদের একটি ই-রিকশা। আহত হন চার ছাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, দু’জনকে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়। বাকি দু’জন, তৃষ্ণা মেটে ও মৌপর্ণা পাল অবশ্য পরীক্ষা দেন ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। রামজীবন বলেন, ‘রত্নেশ্বরবাটি হাইস্কুলের ছাত্রীরা পরীক্ষা দিতে যাচ্ছিল বসন্তকুমারী হাইস্কুলে। টোটো উল্টে চার ছাত্রী কমবেশি আহত হয়। দু'জন হাসপাতালে পরীক্ষা দেন।’

  • Link to this news (এই সময়)