আজকাল ওয়েবডেস্ক: সেতু নির্মাণে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দেভোগ এলাকার ভিকনিবাটিটাকি অঞ্চলে।
সেই অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে হামলার শিকার হলেন এক সংবাদকর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এলাকাবাসীরা অভিযোগ তুলছেন, নির্মীয়মাণ সেতুর কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে।
এমনকী, নির্মাণ প্রক্রিয়াতেও একাধিক গলদ রয়েছে। অভিযোগ সামনে আসতেই ঘটনাস্থলে পৌঁছন একটি ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ইন্দ্রজিৎ সাহু।
অভিযোগ, সেতু নির্মাণের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারের কাছে বিষয়টি নিয়ে বক্তব্য জানতে চাইলে পরিস্থিতি আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই ক্ষিপ্ত হয়ে ওই ইঞ্জিনিয়ার সাংবাদিকের উপর চড়াও হন। তাঁকে মারধর করা হয় এবং মুখে আঘাত করা হয়।
এছাড়াও সংবাদ সংগ্রহের সময় তাঁর ব্যবহৃত সরঞ্জাম, মোবাইল ফোন ও মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।
ঘটনার খবর পেয়ে বিষয়টি নিয়ে তদন্তের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক মহল। দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছেন তাঁরা।