• মিড-ডে মিলের পাতে কমলালেবু, বেজায় খুশি পড়ুয়ারা
    এই সময় | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • পড়ুয়াদের পুষ্টির কথা ভেবেই মিড-ডে মিলে অতিরিক্ত ডিম এবং ফল দেওয়ার কথা বলেছিল রাজ্য সরকার। সেই নির্দেশের পরেই পড়ুয়াদের পাতে পড়ল ফল। কাঁথির দেশপ্রাণ ব্লকের নতুন চক্রের অন্তর্গত সরস্বতীপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের সঙ্গে পড়ুয়ারা পেল কমলালেবু।

    শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য পুষ্টিকর খাবার খাওয়া গুরুত্বপূর্ণ। সে দিকে তাকিয়েই এই পদক্ষেপ। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ মাইতি জানান, ‘সরকারি পরিকল্পনা অনুযায়ী শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের কথা মাথায় রেখেই এই বিশেষ পুষ্টি সংযোজন করা হয়েছে।’ ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

    মিড-ডে মিলে নিত্যদিনের খাবারের সঙ্গেই কমলালেবু পেয়ে বেজায় খুশি খুদে পড়ুয়ারাও। এই উদ্যোগে খুশি অভিভাবকরাও। এই পরিষেবা যাতে টানা চালু থাকে, সেই আবেদন জানিয়েছেন এলাকার মানুষেরা। সরস্বতীপুর প্রাথমিক বিদ্যালয়ে ১৭৬ জন পড়ুয়া রয়েছে। তাদের পঠনপাঠনের পাশাপাশি শারীরিক ভাবে সুস্থ রাখতে রাজ্য সরকারের নির্দেশ মেনেই সুষম খাবার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

  • Link to this news (এই সময়)