• বাঙালিয়ানার গর্জন ‘আবার প্রলয় ২’-এ! ঝাঁঝালো সংলাপে ফের হাজির অনিমেষ দত্ত, ট্রেলারে আর কী চমক?
    আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • রাজ চক্রবর্তীর পরিচালনায় 'প্রলয়' মুক্তির পরই সাড়া ফেলেছিল। প্রায় দশ বছর পর জি ফাইভের সঙ্গে হাত মিলিয়ে ওটিটির পর্দায় রাজ এনেছিলেন 'আবার প্রলয়'। সেই সিরিজও দর্শকদের প্রশংসা কুড়োয়। এরপর থেকেই সিরিজের দ্বিতীয় সিজনের পরিকল্পনার গুঞ্জন শোনা যায় টলিপাড়ায়। জল্পনা সত্যি করে গতবছর পরিচালক নিজেই জানিয়ে দিয়েছিলেন 'আবার প্রলয় ২'-এর ঝড় উঠবে। আর বিনোদনের মোড়কে সেই ঝড়ে যে কাঁপবে সিনেপ্রেমীরা, তারও প্রত্যাশা ছিল। বৃহস্পতিবার ঝাঁঝালো ট্রেলার প্রকাশ্যে আসতেই চড়ল উত্তেজনার পারদ।

    আগের সিজনের গল্পে অনিমেষ দত্তের সঙ্গে ঘটেছিল এক অঘটন। বোমা বিস্ফোরণ হয়েছিল লঞ্চে। তারপর কী হয়েছিল? তা আর দেখা যায়নি। তাই পরের সিজনের অপেক্ষা আরও বেশি ছিল দর্শকের। এবারের গল্পে উঠে আসবে গ্যাংস্টারদের কাহিনি। অপরাধ জগতের অন্ধকার এই সিরিজের দ্বিতীয় সিজনে আরও জোরালো হতে চলেছে!

    ট্রেলারের শুরুতেই রহস্যময় আবহের ঝলক মিলেছে। টানটান ব্যাকগ্রাউন্ড মিউজিক আর একের পর এক অপরাধের ইঙ্গিত- সব মিলিয়ে প্রথম কয়েক সেকেন্ডেই তৈরি হয় রোমাঞ্চের পরিবেশ। আগের সিজনের মতো এবারও তদন্তের কেন্দ্রে অনিমেষ দত্ত। আরও বেশি আক্রমণাত্বক ও আত্মবিশ্বাসী রূপে ধরা দেবে অফিসার।

    রাজ চক্রবর্তীর বিধানসভা এলাকা ব্যারাকপুরই এবার গল্পের প্রেক্ষাপট। আগের সিজনের মতো শুধু নারী পাচার নয়, এবারের সিরিজে নৃশংস খুন এবং ডাকাতির ষড়যন্ত্রের ঝলক মিলেছে ট্রেলারে। সেই অপরাধের কিনারা করতে ফের মাঠে নামবেন ইন্সপেক্টর অনিমেষ দত্ত। রাজের পরিচালনায় এই সিরিজের এক এবং অদ্বিতীয় 'হিরো' শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর কন্ঠে ফের শোনা যাবে একের পর এক দাপুটে সংলাপ। বাঙালিয়ানাতেও শান দিয়েছেন রাজ চক্রবর্তী। ট্রেলারে শোনা যায়, ‘বাংলায় বসে হারামের ভাত খাওয়ার দিন শেষ’-এর মতো সংলাপ। এবার ডান্স স্টেপে ঝড় তুলবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

    নতুন সিজনে গল্প ঘুরবে একাধিক চাঞ্চল্যকর অপরাধকে ঘিরে। ট্রেলারে ঝলক মিলেছে বন্দুকযুদ্ধ, রাজনৈতিক চাপ এবং ব্যক্তিগত দ্বন্দ্বের। অ্যাকশন দৃশ্যগুলোও আগের চেয়ে অনেক বেশি পরিণত এবং বাস্তবসম্মত। এই সিরিজে খল নায়কদের চরিত্রে দেখা যেতে চলেছে টলিউডের একঝাঁক তারকাকে। থাকবেন লোকনাথ দে, অনুজয় চট্টোপাধ্যায়, ওম সাহানির মতো অভিনেতারা। অনিমেষ দত্তর স্ত্রীর ভূমিকায় জুন মালিয়া ছাড়াও এবার গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সৌরসেনী মৈত্র

    এখন দেখার, পর্দায় মুক্তির পর এই নতুন প্রলয় দর্শকদের কতটা মাতাতে পারে। তবে ট্রেলারের ঝলক বলছে, রোমাঞ্চের ঝড় আসছে খুব শিগগিরই। আগামী ২৭ ফেব্রুয়ারি জি ফাইভের পর্দায় শুরু হবে বহু প্রতীক্ষিত এই সিরিজের স্ট্রিমিং।
  • Link to this news (আজকাল)