• জলাভূমি বুজিয়ে বাড়ি তৈরি, শো কজ হুমায়ুনের স্ত্রীকে
    বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সরকারি জমি দখল এবং জলাভূমি বুজিয়ে বাড়ি তৈরির অভিযোগ উঠল হুমায়ুন কবিরের স্ত্রীর বিরুদ্ধে। জেলা প্রশাসনের তরফ থেকে হুমায়ুনের স্ত্রীকে শো কজ নোটিস পাঠানো হয়েছে। বুধবার এই ঘটনার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

    জানা গিয়েছে, বেলডাঙা-২ ব্লকের মানিক্যাহার মৌজার ৪৪০৪ দাগ নম্বরের দশমিক ০২ একর জমি হুমায়ুনের স্ত্রীর নামে রয়েছে। অভিযোগ, অসাধু উপায়ে সেই জমির চরিত্র বদল করা হয়েছে। বেশ কিছুটা জমি জলাভূমি ছিল। সেই জমির চরিত্র বদল করে সেখানে তিনতলা বাড়ি নির্মাণ করা হয়েছে। এ বাড়ি তৈরি করার জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। কেন এই ধরনের কাজ করা হয়েছে এবং জলাভূমি কেন বুজিয়ে ফেলা হল, আগামী সাত দিনের মধ্যে জেলা প্রশাসনের কাছে তার কারণ দর্শানোর কথা বলা হয়েছে নোটিসে।

    জেলা পুলিশের এক আধিকারিক বলেন, জলাজমি অবৈধভাবে ভরাট করে সেখানে বাড়ি তৈরি করা হয়েছে এবং পিডব্লিউডির বেশ খানিকটা জায়গা দখল করা হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ আসে। আমরা তদন্ত করে দেখেছি যে, অভিযোগ সত্য। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাছে বিষয়টি খতিয়ে দেখার জন্য পাঠানো হয়েছে। আগামী সাতদিনের মধ্যে হুমায়ুনের স্ত্রীকে সেখানে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।

    গত সপ্তাহেই হুমায়ুনের মেয়ের শ্বশুরের একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করে পুলিশ। লালগোলার বাসিন্দা ওই ব্যক্তি মাদক মামলায় দুবার জেল খেটেছে। তার ১০ কোটি ৭৩ লক্ষ টাকার সম্পত্তি আদালতের নির্দেশেই পুলিশ বাজেয়াপ্ত করে। এবার হুমায়ুনের বসতবাড়িতে নোটিস পাঠাল পুলিশ।

    হুমায়ুন বলেন, আমি শুনেছি ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে আমার স্ত্রীর নামে একটি চিঠি ইস্যু করা হয়েছে। কিন্তু সেই চিঠিতে কী লেখা রয়েছে আমি জানি না। বুধবার দুপুর পর্যন্ত আমরা সেই চিঠি হাতে পাইনি। তবে বাড়িটির জমির চরিত্র ভূমি সংস্কার দপ্তরের খাতায় যে ‘নালা’ হিসেবে চিহ্নিত করা রয়েছে তা কার্যত মেনে নিয়েছেন তিনি জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, ‘নালা’ প্রকৃতির জমি বলতে সাধারণত জল নিষ্কাশনের ছোট খাল বা ডোবাকে বোঝায়। যা জলাশয় কিংবা কৃষি জমির অংশ হিসেবে গণ্য হয়। আইনত নালা ভরাট করা বা তার চরিত্র পরিবর্তন বেআইনি। যদিও যে বাড়ি নিয়ে যাবতীয় বিতর্ক, সেখানে ১৭-১৮ বছর ধরে থাকছেন বলেই জানিয়েছেন হুমায়ুন কবির।
  • Link to this news (বর্তমান)